নেত্রকোণার পূর্বধলায় নদী থেকে নবজাতক এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রশি দিয়ে একটি ইটের সঙ্গে বেঁধে পানিতে ডুবিয়ে রাখা হয়েছিল শিশুটির মরদেহ।
আজ সোমবার সকালে উপজেলার হোগলা ইউনিয়নের কালিহরকান্দা গ্রামের কালিহর নদী থেকে অজ্ঞাত ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, নদীতে নবজাতকের মরদেহ ভেসে থাকার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে কালো শার্টে মোড়ানো অবস্থায় একটি নবজাতক কন্যাশিশুর মরদেহ ভেসে থাকতে দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ মরদেহ নদী থেকে উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা ওই নবজাতককে কালো শার্ট দিয়ে পেঁচিয়ে লাল রঙের রশি দিয়ে একটি ইটের সঙ্গে বেঁধে পানিতে ডুবিয়ে রাখা হয়েছিল।
ওসি জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



