নাটোরের নলডাঙ্গায় ৩টি ককটেল, ৫টি পেট্রোল বোমা ও একটি দেশীয় হাসুয়াসহ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মাহবুর রহমান এবং তার সহযোগী মহিদুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
আজ শনিবার দুপুরে উপজেলার বাসুদেবপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত মাববুর রহমান উপজেলার হরিদা খলসি গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকীর ছেলে ও বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি। তার সহযোগী মহিদুল ইসলাম একই গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।
আটকের বিষয়টি নিশ্চিত করে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, শনিবার দুপুরে উপজেলার বাসুদেবপুর এলাকায় বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মাহবুর রহমান ও তার সহযোগী মহিদুল ইসলাম একটি ব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে চলাফেরা করছিল। এ সময় স্থানীয়দের ঘটনাটি সন্দেহজনক মনে হলে তাদের আটক করে তার ব্যাগ তল্লাশি করে। এতে ব্যাগ থেকে ৩টি ককটেল, ৫টি পেট্রোল বোমা ও একটি হাসুয়া উদ্ধার করে তাদের দুইজনকে আটক করে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত বিস্ফোরক ও অস্ত্রসহ দুইজন আটক করে থানায় নিয়ে যায়। আটককৃতাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।



