জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদও অবৈধ। গণভোট সাংবিধানিক না অসাংবিধানিক—এ ধরনের বিতর্ক সৃষ্টি করতে আসবেন না।’
সোমবার সন্ধ্যায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ের বোদা উপজেলা এনসিপির আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
পথসভায় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশ কার্যত সংবিধানের প্রচলিত কাঠামো থেকে বেরিয়ে যায়। ৫ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না। সেই সময়টিকে সংবিধানের কোন ধারায় ব্যাখ্যা করবেন?’
তিনি আরও বলেন, ‘সংবিধানে অন্তর্বর্তী সরকার গঠনের কোনো বিধান ছিল না। ৫ আগস্টের পর আমরা কেবল সংবিধান সংশোধন নয়, প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়নের কথা বলেছিলাম।’
বোদা উপজেলা এনসিপির সদস্যসচিব শিশির আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, কেন্দ্রীয় নেতা আতিকুর রহমান মুজাহিদ এমপি, জেলা এনসিপির সদস্যসচিব দিলদার হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। সভায় এনসিপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকেরা উপস্থিত ছিলেন।



