পাবনার রুপপুরের রাশিয়ান নাগরিকের প্রটেকশন ডিউটিতে যাওয়ার সময় নাটোরের গুরুদাসপুরে পুলিশের পিকআপ ভ্যান উল্টে পড়ে চারজন পুলিশ সদস্য আহত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার তালবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে জেলা পুলিশ লাইনসে কর্মরত এএসআই আবু সায়েম ও নায়েব শাহীন আলীকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত এসআই আব্দুল মালেক ও পিকআপ চালক মেহেরুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।
পুলিশের এই কর্মকর্তা জানান, রাশিয়ান নাগরিকরা সকালে নাটোরের হয়ে পাবনার রুপপুরে যাবেন। এ জন্য নাটোর জেলা পুলিশের প্রটেকশন পার্টি জেলার শেষ সীমানা কাছিকাটা এলাকায় যাচ্ছিল। পথে গুরুদাসপুর উপজেলার নয়াবাজার এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক পুলিশের পিকআপকে চাপ দেয়।
এ সময় পিকআপটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পার্শে উল্টে পড়ে যায়। এ ঘটনায় গাড়িতে থাকা ৪ জন পুলিশ সদস্য আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ট্রাকটিসহ চালককে আটকের জন্য কাজ শুরু করেছে পুলিশ।



