বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করতে এসে কিরিল নামে এক জার্মান পর্যটকের ল্যাপটপ ও ক্যামেরা চুরি হয়ে গেছে। বুধবার বিকেলে নাটোর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
কিরিল জানান, তিনি বগুড়া থেকে একটি লোকাল ট্রেনে করে সান্তাহারে আসেন। সান্তাহার থেকে বাংলাবান্ধা ট্রেনে করে তিনি নাটোরে আসেন। নাটোর থেকে তিনি অন্য একটি ট্রেনে করে বাংলাদেশের দর্শনা বর্ডার হয়ে ভারতে যাবেন। এজন্য তিনি নাটোর প্লাটফর্মের ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন। এ সময় ২০ থেকে ২৫ বছর বয়সী একজন যুবক তার কাছে আসে এবং তাকে টিকিট করে দেওয়ার কথা বলে। পরে সে তাকে বিশ্বাস করে। এক সময় সেই যুবকটি তার ল্যাপটপ ও ক্যামেরা নিয়ে পালিয়ে যায়। পরে আর ওই যুবককে খুঁজে পাওয়া যায়নি। তারপর তিনি নাটোর সদর থানায় এসে পুলিশকে বিস্তারিত জানান।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান জানান, কিরিলকে সাথে নিয়ে প্লাটফর্মের ঘটনাস্থল পরিদর্শন করা হবে এবং তার চুরি যাওয়া ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধারের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করা হবে।


