পঞ্চগড়ের দেবীগঞ্জে ঈদে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে চার তরুণের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে সোনাহার-দেবীগঞ্জ সড়কের নতুনবন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো— দন্ডপাল ইউনিয়নের লোহাগাড়া সুপারিতলা এলাকার বাছের আলীর ছেলে কাউসার আলী (১৬), একই এলাকার ইয়াকুব আলীর ছেলে সাব্বির হোসেন (১৭), দেবীগঞ্জ সদর ইউনিয়নের খাঁ পাড়া এলাকার মজনু রহমানের ছেলে সাব্বির (২২) এবং একই এলাকার হজরত আলীর ছেলে বরকত (১৭)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঈদে বেড়ানোর জন্য দুটি ভিন্ন মোটরসাইকেলে তিন তরুণ খাঁ পাড়া থেকে দেবীগঞ্জের দিকে আসছিল। অপর একটি মোটরসাইকেলে আরও তিন তরুণ লোহাগারা থেকে নীলসাগরের উদ্দেশে যাওয়ার সময় একটি ভ্যানকে পাশ কাটাতে গিয়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ছয় তরুণকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় প্রথমে কাউসার আলীর মৃত্যু হয়। রংপুর মেডিকেল কলেজে পাঠানো হলে পথে সাব্বির হোসেন মারা যায়। চিকিৎসাধীন অবস্থায় খাঁ পাড়ার এলাকার আরেক সাব্বির ও বরকত নামে দুই তরুণের মৃত্যু হয়। আহত জাকারিয়া ও সোহেলের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
দেবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিতু আক্তার চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ভিডিও দেখুন:দেবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল মোকাদ্দেম জানান, এখন পর্যন্ত আমরা দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। তবে আরও দুই তরুণ চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার কথা শুনেছি। মরদেহ পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।



