দিনাজপুরের বীরগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী-মা ও ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার দলুয়া পল্লী বিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের প্রাণনগর গ্রামের মাহবুব ইসলামের স্ত্রী খায়রুন নাহার (২৪) ও তাঁর সাত মাস বয়সী সন্তান আবুজর গিফারী। আহতরা হলেন মাহবুব ও তাঁর ছোট বোন সাদিয়া খাতুন।
পুলিশের ভাষ্য, ঈদ উপলক্ষে মাহবুব তাঁর স্ত্রী, সন্তান ও ছোট বোনকে নিয়ে অটোরিকশা করে ঠাকুরগাঁও সদরের সালান্দর এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। অটোরিকশাটি দলুয়াপল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি বাস বেপোরোয়া গতিতে ওভারটেক করার সময় সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে খায়রুন নাহার ও তাঁর কোলের সন্তান আবুজর নিহত হন। নিহতদের মরদেহ বাড়িতে নেওয়া হয়েছে। মাহবুব ও তাঁর ছোট বোনকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিনাজপুরের দশমাইল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম বলেন, ‘এই ঘটনায় বাসটিকে জব্দ করা গেলেও চালক ও সহযোগী পালিয়ে গেছেন।’



