একদিন বিরতি দিয়ে আজ আবারও বৃষ্টি শুরু হওয়ায় বিপাকে হাওরের কৃষক। এরই মাঝেই যতটা সম্ভব, ধান কাটছেন তারা। তবে এই ধান শুকানো যেন আরেক যুদ্ধ। মেঘলা আকাশে ধান শুকাতে না পারায় কষ্টের ফসল নষ্ট হওয়ার আশঙ্কা চাষিদের। ক্ষতি কমাতে, সহায়তার আশ্বাস দিয়েছে প্রশাসন।
দেশের পাঁচ জেলায় অন্তত ৪০ হাজার হেক্টর জমির ধান তলিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হাওরের বুকে এখন তাই ভাসছে ছোট ছোট নৌকা। কৃষকের লক্ষ্য, যতটুকু পারা যায় ধান কেটে পাড়ে নিয়ে আসা। এরই মধ্যেই থেমে থেমে বৃষ্টি আর মেঘলা আকাশের বিড়ম্বনা।
মৌলভীবাজারে ইতোমধ্যেই তলিয়ে আছে ১ হাজার ১৫০ হেক্টর জমির ধান। বৈরি আবহাওয়াতেও চলছে ধান কাটা আর মাড়াইয়ের কাজ। তবে উজানের ঢলের শঙ্কা কাটছে না স্থানীয়দের।
স্থানীয় এক কৃষক বলেন, আজকে এই যে জমি দেখছেন, এখানে ধান এখনও কিছুটা ভেসে আছে। কিন্তু কালকে এই জমি পানিতে ভরা থাকবে, ধান পুরোপুরি ডুবে যাবে।
আরেক কৃষকের হাহাকার, বেশিরভাগ ধানই পানিতে তলিয়ে গেছে। সামন্যই কাটতে পেরেছি।
শুক্রবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হয়েছে হবিগঞ্জেও। সদর, আজমিরীগঞ্জ, বানিয়াচং, নবীগঞ্জ, বাহুবল ও লাখাই হাওরে প্রায় ১১ হাজার হেক্টর জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত। এর প্রায় মধ্যে ৫ হাজার ৬০০ হেক্টরের ধান পুরোপুরি তলিয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত এক কৃষক জানান, সামান্য কিছু ধান পেয়েছি। এগুলো রেখেছিলাম, এখন নষ্ট হয়ে গেছে।
স্থানীয় আরেক কৃষকের কথাতেও ধরা পড়ে ক্ষতির ভয়বহতা। তিনি বলেন, 'কোনো কোনো ক্ষেতে ৪০ শতাংশ ধান আছে। আর কোনো কোনো জমিতে ধান কাঁচা অবস্থায় একেবারে (পুরোটাই) তলিয়ে গেছে।'
এদিকে, সুনামগঞ্জের বিভিন্ন হাওরে অন্তত ১৩ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কিশোরগঞ্জে নতুন ২ হাজার হেক্টরসহ তলিয়ে আছে ৬ হাজার ৭০০ হেক্টর জমির ধান। সরকারি সহায়তা নিশ্চিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির কথা জানিয়েছে প্রশাসন।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, 'আমাদের ক্ষতিগ্রস্ত কৃষকের একটা তালিকা তৈরির কাজ করছি এখানে। সেক্ষেত্রে আমাদের উপজেলা নির্বাহী অফিসার, আমাদের এই উপজেলার কৃষি অফিসার, এবং আমাদের আরও যারা নেতৃবৃন্দ আছেন তাদের সাথে সমন্বয় করেই তালিকা তৈরির কাজ চলছে।
নেত্রকোণায় সাড়ে ৯ হাজার হেক্টরের বেশি ক্ষেত তলিয়ে গিয়ে এখন ক্ষতির মুখে অন্তত ২০ হাজার কৃষক। বন্যা পরিস্থিতির অবনতির কথা মাথায় রেখে প্রয়োজনীয় প্রস্তুতির কথা জানিয়েছে প্রশাসন।


