হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাকে বালুর ভেতরে লুকিয়ে অবৈধভাবে পরিবহনকালে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ভারতীয় ফুসকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পরিচালিত একটি বিশেষ অভিযানে এসব ফুসকা জব্দ করা হয়। রাতে বিজিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়। সকাল ১০টার দিকে একটি সন্দেহভাজন ট্রাককে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকে বহন করা বালুর নিচে বস্তার মধ্যে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় ফুসকা উদ্ধার করা হয়।
পরে ফুসকাগুলো জব্দ করে বিজিবি হেফাজতে নেয়। জব্দ করা আমদানি নিষিদ্ধ ফুসকা যথাযথ নিয়ম অনুসরণ করে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং দেশের অর্থনীতি সুরক্ষায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্তে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হচ্ছে এবং চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।



