দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বেড়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৫৭ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের সবশেষ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-৬ অনুযায়ী, বর্তমানে দেশের রিজার্ভ ২৭ দশমিক ৮৮ বিলিয়ন ডলার। এর আগে আকুর দায় পরিশোধের পর গত নভেম্বরে রিজার্ভ ৩১ দশমিক ১৪ বিলিয়ন ডলারে নেমেছিল।
রেমিট্যান্স বৃদ্ধি এবং ব্যাংকগুলোর কাছ থেকে কেন্দ্রীয় ব্যাংকের ডলার কেনার ফলেই রিজার্ভের এই উত্থান, বলছেন সংশ্লিষ্টরা।
মূলত হুন্ডিপ্রবণতা কমে যাওয়ায় বৈধ পথে রেমিট্যান্স বাড়ছে। চলতি অর্থবছরের ১৭ ডিসেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৫০৪ কোটি মার্কিন ডলার। অন্যদিকে বিনিময় হার স্থিতিশীল রাখতে ক্রমাগত ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। সার্বিকভাবে বেশ দ্রুতই বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ।



