ঈদের আগেই এলসি সংকটের সমাধান ও রপ্তানি আয়ের অর্থ দ্রুত ছাড়ের আহ্বান জানিয়েছে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)। সংগঠনটির নেতারা বলছেন, অনেক বায়িং হাউজ সময়মতো অর্থ পরিশোধ না করায় চাপে পড়ছে রপ্তানিমুখী শিল্পখাত।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সাথে বৈঠক শেষে এসব কথা জানান বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম। বৈঠকে ব্যবসায়ী নেতারা বকেয়া নগদ সহায়তা দ্রুত ছাড়, ডলার সংকট এবং ব্যাংকিং খাতের নানা জটিলতা তুলে ধরেন।
এ সময় ৩০ এপ্রিল পর্যন্ত জমা সব অর্থ নিষ্পত্তির অভিযোগ দ্রুত সমাধানের আহ্বান জানানো হয়। এ ছাড়াও গ্রিন ফাইন্যান্সিং সহজ করা, ডলারের অবমূল্যায়ন এবং কিছু বায়িং হাউজের অর্থ পাচারের বিষয়েও গুরুত্ব দিয়ে আলোচনা হয় বলেও জানান তারা।



