দীর্ঘ ১৩ মাস পর টেকনাফ স্থলবন্দরে আবারও ভিড়েছে মিয়ানমারের কাঠবোঝাই ট্রলার। শুক্রবার দুপুরে মিয়ানমারের মংডু থেকে কাঠবোঝাই একটি ট্রলার এসে ভিড়ে বন্দরের জেটিতে।
বন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে, প্রথম চালানে ৯৬৩ পিস চম্পা ও গর্জন কাঠ এসেছে। যা ট্রলার থেকে দ্রুত খালাসোর কাজ করছে শ্রমিকেরা।
মিয়ানমার থেকে আসা কাঠবোঝাই পণ্য ও বন্দর পরিদর্শনে গিয়েছিলেন স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি জানান, বৈধ পথে ব্যবসা সচল রাখার মাধ্যমে সরকার যেমন রাজস্ব পাবে, তেমনি স্থানীয় অর্থনীতিও শক্তিশালী হবে।
দীর্ঘদিন পর বাণিজ্য সচল হওয়ায় নতুন করে বাণিজ্য সম্প্রসারণে আশাবাদী আমদানিকারকরা। লোকসান কাটিয়ে লাভের মুখ দেখার প্রত্যাশা করছেন সিএন্ডএফ এজেন্ট ও ব্যবসায়ীরা।
এ বছর ১৪ এপ্রিল বন্দর পরিদর্শনে এসে স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত বাণিজ্য চালুর আশ্বাস দিয়েছিলেন। সীমান্ত বাণিজ্য নিয়মিত সচল থাকলে টেকনাফের অর্থনীতিতে আবারও গতি ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



