৩৯ মাসে বন্ডের সুদহার সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। ১৫ বছর মেয়াদি বন্ডের সুদহার কমে ৯ দশমিক ১০ এবং ২০ বছর মেয়াদি বন্ডে ৯ দশমিক ১৩ শতাংশে নেমেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবারের নিলামে ১ হাজার কোটি টাকা করে মোট ২ হাজার কোটি টাকা তোলা হয়। এর আগে ২৮ জুলাই একই পরিমাণ টাকা তুলতে ১৫ বছর মেয়াদি বন্ডে ১০ দশমিক ৩৬ ও ২০ বছর মেয়াদি বন্ডে ১০ দশমিক ৪১ শতাংশ সুদ দেওয়া হয়।
সম্প্রতি এ ধরনের বন্ডের সুদহার ১০ শতাংশের ওপরে ছিল। মঙ্গলবার বন্ডের সুদহার ছিল ২০২৩ সালের মে মাসের পর সর্বনিম্ন।
দেশে গ্যাস-বিদ্যুৎ সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ নানা বিনিয়োগে ধীরগতি রয়েছে। তাই উদ্বৃত্ত অর্থ বিনিয়োগে ট্রেজারি বিল ও বন্ডের দিকে ঝুঁকছে ব্যাংকগুলো। ফলে কমেছে বন্ডের সুদহার।
তিন ও ছয় মাস মেয়াদি ট্রেজারি বিলের গড় সুদহারকে ভিত্তি সুদ হিসাবে ধরা হয়। এ দুটি উপকরণের সুদহার কমলে এর সঙ্গে সমন্বয় রেখে অন্যান্য সব খাতের সুদ হারও কমাতে হয়।



