দুই পক্ষের মুখোমুখি অবস্থানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। আজ সরে গেলেও সোমবার আবার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে উভয় পক্ষ।
রোববার সকাল থেকেই ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেয় এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন সময়ে নিয়োগ পাওয়া চাকরিচ্যুত কর্মীরা। পরে সেখানে পাল্টা অবস্থান নেয় সচেতন গ্রাহক ফোরাম। মুখোমুখি অবস্থানে উত্তেজনা ছড়ালে কয়েক দফা হাতাহাতিতে জড়ায় দুই পক্ষ।
চাকরিচ্যুতদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময় যথাযথ কারণ না দেখিয়েই ছাঁটাই করা হয় তাদের। পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন জানিয়ে দ্রুত সময়ের মধ্যে চাকরি পুনর্বহালের দাবি করেন তারা।
অন্যদিকে গ্রাহক ফোরামের দাবি, ব্যাংকে অস্থিরতা তৈরি করতেই চাকরিচ্যুতরা অবস্থান নিয়েছেন। তাদের অভিযোগ, অবৈধ নিয়োগের মাধ্যমে আগের মালিকরা লুটপাট করে ইসলামি ব্যাংক। দ্রুত সময়ের মধ্যে দক্ষ ব্যক্তিদের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠনের দাবি তাদের।
দুই পক্ষের মুখোমুখি অবস্থানে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। পরে বেলা ১টার দিকে উভয়পক্ষকে ব্যাংকের সামনে থেকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।
দাবি আদায়ে আগামীকালও মাঠে থাকার ঘোষণা দিয়েছে চাকরিচ্যুতরা। পাল্টা অবস্থানের কথা জানিয়েছে গ্রাহক ফোরামও।



