সরকার শ্রমবান্ধব বাজেট প্রণয়নের পরও তৈরি পোশাক খাতে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ খাতের অস্থিরতা রোধে শ্রমিক ও মালিকদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার সকালে রাজধানীতে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে তারা এসব কথা বলেন।
কয়েক সপ্তাহ ধরেই মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন পোশাক শ্রমিকেরা। বেতন বাড়াতে অষ্টম নিম্নতম মজুরি বোর্ড গঠনের পরেও পুরোপুরি থামেনি পোশাক খাতের অস্থিরতা।
রোববার রাজধানীর একটি হোটেলে পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য গবেষণা বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে পোশাক খাতের অস্থিরতা নিয়ে আলোচনা হয়। সেখানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, সরকার শ্রমবান্ধব নীতিমালাকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ অভিযোগ করেন, তৈরি পোশাক খাতে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। শ্রমবান্ধব বাজেট প্রণয়নের পরও পোশাক খাতে যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে তা উদ্দেশ্যপ্রণোদিত।
তৈরি পোশাক খাতের অস্থিরতা রোধে শ্রমিক ও মালিকদের সজাগ থাকার আহ্বান জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের নিরাপত্তা, মর্যাদা রক্ষা করে টেকসই অর্থনৈতিক উন্নয়নের ওপর গুরুত্ব দেন।


