লজিস্টিক জটিলতার কারণে ২০২৬ সালের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব স্থগিত করেছে সৌদি আরব। আগামী ৩ থেকে ১২ ডিসেম্বর জেদ্দায় উৎসবটির ষষ্ঠ আসর বসার কথা ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের চতুর্থ প্রান্তিকে আয়োজন করা হবে এবারের আসর।
সোমবার সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে রেড সি ফিল্ম ফাউন্ডেশন।
ফাউন্ডেশন জানিয়েছে, আন্তর্জাতিক পরিসরের বড় এই আয়োজন সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় লজিস্টিক ব্যবস্থাপনা এবং উৎসবের সময় নির্ধারণের বিভিন্ন বিষয় পর্যালোচনা করেই স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দর্শক, নির্মাতা, অতিথি ও অংশগ্রহণকারীদের জন্য রেড সি চলচ্চিত্র উৎসব যে অভিজ্ঞতার জন্য পরিচিত, তা যথাযথভাবে তুলে ধরতে উপযুক্ত সময় ও পরিবেশ নিশ্চিত করাই তাদের লক্ষ্য।
এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সময়ে আঞ্চলিক উত্তেজনা বেড়েছে। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনাও ঘটছে। চলমান সংঘাতের কারণে ইয়েমেনের উপকূলসংলগ্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালির নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। তবে উৎসব স্থগিতের সঙ্গে এসব নিরাপত্তা পরিস্থিতির কোনো সম্পর্ক রয়েছে বলে রেড সি ফিল্ম ফাউন্ডেশন জানায়নি।
মূল উৎসব স্থগিত হলেও ফাউন্ডেশনের বছরব্যাপী অন্যান্য কার্যক্রম চালু থাকবে। রেড সি ফান্ড, রেড সি ল্যাবসসহ বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচি আগের মতোই চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ ছাড়া ২০২৬ সালের নভেম্বর থেকে জেদ্দার ঐতিহাসিক কালচার স্কয়ারে বছরজুড়ে বিভিন্ন সাংস্কৃতিক ও চলচ্চিত্রভিত্তিক আয়োজন শুরুর পরিকল্পনাও রয়েছে। নির্মাতা, অংশীদার, অতিথি ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফাউন্ডেশন বলেছে, ২০২৭ সালে সফলভাবে উৎসব আয়োজনের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।
২০১৯ সালে উৎসবটির যাত্রা শুরু হলেও প্রথম আসর অনুষ্ঠিত হয় ২০২০ সালে। সৌদি আরবে ৩৫ বছরের নিষেধাজ্ঞার পর বাণিজ্যিক সিনেমা হল চালু হওয়ার দুই বছর পর আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবের উদ্যোগ নেওয়া হয়। এরপর থেকে চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে সৌদি আরবের অবস্থান শক্তিশালী করার নানা উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে রেড সি চলচ্চিত্র উৎসব।


রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই: প্রধানমন্ত্রী
