দীর্ঘ এক দশক একা থাকার পর আবারও নতুন জীবনে প্রবেশ করলেন রকস্টার নগরবাউল জেমস। জানালেন বিয়ে ও বাবা হওয়ার সুখবর। দ্বিতীয় স্ত্রী বেনজীর সাজ্জাদের সঙ্গে ২০১৪ সালে বিবাহবিচ্ছেদের পর অনেক বছর একা ছিলেন এই সংগীত তারকা। ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এক অনুষ্ঠানে তাঁর দেখা হয় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনের সঙ্গে। সেই পরিচয় থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে সম্পর্ক। এক বছর পর ২০২৪ সালের ১২ জুন ঢাকায় পরিবারের উপস্থিতিতে বিয়ে করেন তাঁরা।
বিয়ের পর নামিয়া নিজের নামের সঙ্গে যুক্ত করেন ‘আনাম’। তিনি যুক্তরাষ্ট্রের জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিস বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন। চলতি বছরের ৮ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে জন্ম নেয় তাঁদের পুত্রসন্তান। নাম রাখা হয়েছে জিবরান আনাম। জন্মের সময় হাসপাতালে উপস্থিত ছিলেন জেমস নিজেও। সন্তান জন্মের এক মাস পর পরিবার নিয়ে দেশে ফেরেন তিনি।
বাবা হওয়ার অনুভূতি সম্পর্কে জেমস বলেন, ‘এই অনুভূতি অসাধারণ। কীভাবে প্রকাশ করব, সে ভাষা খুঁজে পাচ্ছি না। আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন। সবাই মা ও সন্তানের জন্য দোয়া রাখবেন।’
ব্যক্তিজীবনে এর আগে দুইবার বিয়ে করেছেন জেমস। তাঁর প্রথম স্ত্রী ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী রথি। ১৯৯১ সালে তাঁদের বিয়ে হয়, ২০০৩ সালে বিচ্ছেদ। সেই সংসারে রয়েছে এক পুত্র ও এক কন্যা। দ্বিতীয় স্ত্রী বেনজীর সাজ্জাদের সঙ্গে পরিচয় ২০০০ সালে, আমেরিকায় গিয়ে বিয়ে করেন তাঁরা। সেই সম্পর্কের ইতি ঘটে ২০১৪ সালে। সেই সংসারে রয়েছে এক কন্যাসন্তান। এক দশক পর আবারও নতুন জীবন শুরু করলেন রকস্টার নগরবাউল জেমস।


জায়েদ খান কোন অপরাধে অপরাধী সেটা জানতে চাই না: নাজিম জয়
