‘আমি সব সময়ই মা হতে চেয়েছি’—কিছুদিন আগেই মাতৃত্ব নিয়ে নিজের ইচ্ছার কথা জানিয়েছিলেন টালিউড অভিনেত্রী সোহিনী সরকার। অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে। রোববার সকালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। মা ও সন্তান দুজনেই ভালো আছেন বলে জানিয়েছেন সোহিনীর স্বামী শোভন গঙ্গোপাধ্যায়।
২০২৪ সালে বিয়ের পর থেকে শোভন ও সোহিনীর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ ছিল বেশ। তবে নিজেদের সম্পর্ক ও ব্যক্তিগত মুহূর্ত নিয়ে বরাবরই কিছুটা আড়ালে থেকেছেন এই তারকা দম্পতি।
এর আগে ঘরোয়া সাধের অনুষ্ঠানের ছবি ও ভিডিও প্রকাশ করেছিলেন সোহিনী। এরপর থেকেই নতুন অতিথির অপেক্ষায় ছিলেন তার ভক্তরা। জুলাইয়ে বিবাহবার্ষিকীর দিন সেই অপেক্ষা আরও স্পষ্ট হয়ে যায়। বেবিবাম্পের একগুচ্ছ ছবি প্রকাশ করে সোহিনী ও শোভন নিজেরাই জানিয়েছিলেন, তাদের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য।
অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজ থেকে পুরোপুরি দূরে সরে যাননি সোহিনী। একাধিক সিনেমা ও সিরিজের শুটিং শেষ করেছেন তিনি। সন্তান জন্মের আগে শোভনকে সঙ্গে নিয়ে ছোট্ট একটি বেবিমুনেও গিয়েছিলেন অভিনেত্রী।
সেই ভ্রমণের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে সোহিনী লিখেছিলেন, ‘আবার কবে কোথায় যেতে পারব জানি না। তাই একটা ছোট্ট পাহাড় ট্রিপ করে এলাম।’
এর আগে ঘরোয়া সাধের অনুষ্ঠানের ছবি ও ভিডিওও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তিনি। এসব আয়োজনের পর থেকেই সোহিনী ও শোভনের সন্তানের আগমনের অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। অবশেষে রোববার সেই অপেক্ষার অবসান হলো।
তবে মা হওয়ার খবর প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছে সোহিনীর ২০২৪ সালের একটি মন্তব্যও। আরজি কর-কাণ্ডের পর সন্তান নেওয়া প্রসঙ্গে অভিনেত্রী বলেছিলেন, ‘আমি চাই না, আমার সন্তানকে এমন একটা দেশে নিয়ে আসতে।’
পরবর্তী সময়ে অবশ্য সেই বক্তব্যের ব্যাখ্যাও দিয়েছিলেন সোহিনী। তিনি জানিয়েছিলেন, এমন ভাবনা তার মনে এসেছিল ঠিকই, কিন্তু মা হওয়ার ইচ্ছা তার সব সময়ই ছিল। সে কারণেই সঠিক সময়ের জন্য অপেক্ষা করে সন্তান নেওয়ার পরিকল্পনা করেছিলেন।
সোহিনীর ভাষায়, ‘এমন মনে হয়েছিল ঠিকই, কিন্তু আমি সব সময়ই মা হতে চেয়েছি। সেইমতো সঠিক সময় পরিকল্পনা করেছি। আশা করছি, ভবিষ্যতে সব দিক সামলে নেব। যে আসবে, সে যাতে এই পৃথিবীতে সব পরিস্থিতির মুখোমুখি হতে পারে, তেমন করেই মানুষ করার চেষ্টা করব।’
এবার সেই অপেক্ষার পর্ব পেরিয়ে নতুন পরিচয়ে সোহিনী ও শোভন। তাদের পরিবারে যোগ হলো নতুন সদস্য।


জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী, কর্মসূচি জানালেন পররাষ্ট্র সচিব
