রাজধানী ঢাকাসহ দেশের ১৪ অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সাথে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী এবং সিলেট অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আজ রোববার ভোরে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির কবলে পড়ে রাজধানীবাসী। ঝড়ে বিভিন্ন সড়কের গাছপালা উপড়ে যায়। সড়কের ওপর গাছ ভেঙে পড়ায় কিছু এলাকায় যান চলাচল ব্যাহত হয়। ভারী বৃষ্টি ও নিচু এলাকার সড়কে জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েন অফিসগামী ও সাধারণ মানুষ।



