জলবায়ু পরিবর্তন রোধে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই একদিকে যেমন বৈপ্লবিক ভূমিকা রাখছে, অন্যদিকে এই প্রযুক্তির পেছনে অতিরিক্ত বিদ্যুৎ ও পানির ব্যবহার আর কার্বন নিঃসরণ পরিবেশের জন্য নতুন হুমকি তৈরি করেছে। তাই জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশেষ গুরুত্ব পাচ্ছে এআই-এর এই পরিবেশগত হুমকি ও টেকসই ব্যবহার।
জলবায়ু রক্ষায় কাজের গতি বাড়াতে সাহায্য করলেও, এআই–এর পরিবেশগত প্রভাব নিয়ে উদ্বিগ্ন শীর্ষস্থানীয় পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থাগুলো। এবার জাতিসংঘের জলবায়ু সম্মেলনে তাই বিশেষ গুরুত্ব পাচ্ছে টেকসই এআই ব্যবহারের নীতিমালা।
২০১৭ সালে কেনিয়ার বনাঞ্চলের ২ লাখ ছবি পর্যালোচনা করতে সেভ দ্য এলিফ্যান্টসের ৯ জন কর্মকর্তার সময় লেগেছে ৯ মাস। অথচ এআই মডেলিংয়ের মাধ্যমে মাত্র কয়েক ঘণ্টায় সেই কাজ সম্পন্ন হচ্ছে।
সেভ দ্য এলিফ্যান্টসের প্রধান নির্বাহী ফ্রাঙ্ক পোপ বলেন, ‘যেকোনো প্রকল্পের জরিপের জন্য নয় মাস অপেক্ষা করা অসম্ভব ব্যাপার। সেক্ষেত্রে তথ্য বিশ্লেষণে মেশিন লার্নিং সিস্টেম ব্যবহার করলে, এআই নিখুঁতভাবে সব প্রাণীর উপস্থিতি ও অবস্থান শনাক্ত করতে পারে।’
অ্যাঙ্গোলা ও কম্বোডিয়ার দাবানলের ড্রোন ও স্যাটেলাইট সংকেত বিশ্লেষণেও সাহায্য করেছে এআই। তানজানিয়ার বনে শিম্পাঞ্জির আচরণ সংক্রান্ত তথ্য সংগ্রহেও ভূমিকা রাখছে এআই।
তবে এই প্রযুক্তির পেছনে চড়া মূল্য দিতে হচ্ছে পরিবেশকে।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্যমতে, ২০৩০ সালের মধ্যে বিশ্বজুড়ে এআই ডাটা সেন্টার পরিচালনায় বার্ষিক বিদ্যুৎ খরচ হবে ৯৪৫ টেরাওয়াট। যা জাপানের মত একটি দেশের বার্ষিক চাহিদার সমান। একই সময়ে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হবে প্রায় ৩০ কোটি টন।
পরিস্থিতি মোকাবিলায় ডেটা সেন্টারের ওপর নির্ভরতা কমিয়ে ডিভাইস প্রসেসিং বা এজ কম্পিউটিং প্রযুক্তি ব্যবহার শুরু করেছে বেসরকারি সংস্থাগুলো। তবে কার্বন নিঃসরণ কমাতে কঠোর নীতিমালার দাবি পরিবেশবাদীদের।


