দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৪৮ জন।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রোববার (১ নভেম্বর) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী হিসেবে ১ হাজার ৪৯২ জন শনাক্ত হয়েছে। এ ছাড়া নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৫৬ জনের। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৪৮ জন।
গত ১৫ মার্চ থেকে ২ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৫২ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে মারা গেছে ১০৫ শিশু। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫৭।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৬ হাজার ১৬৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৪৮ জন।
একই সময়ে দেশে ২ লাখ ৩১ হাজার ৫০৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এদের মধ্যে ২৩ হাজার ৯৯১ জনের হাম শনাক্ত হয়েছে।


