মা দিবসে মা’কে ভালোবাসা জানানোর পাশাপাশি বিভিন্ন উপহার দিয়ে থাকেন সন্তানেরা। অনেকে হয়তো বুঝতে পারেন না ঠিক কী উপহার দেওয়া উচিত। মা’কে দেওয়া যায়, এমন দারুণ কিছু উপহার সম্পর্কে জেনে নেওয়া যাক।
মায়ের সাথে সময় কাটানো
চাকরি, পড়াশোনা বা সংসার ইত্যাদির কারণে মায়ের সঙ্গে সময় কাটানো সবার পক্ষে সম্ভব হয় না। তাই মা দিবসকে সবচেয়ে বিশেষ করে তুলতে, আপনি তাকে পিকনিকে বা তার পছন্দের যেকোনো জায়গায় নিয়ে যেতে পারেন। মাকে সাথে নিয়ে কোথাও ঘুরতে যান বা সকালে তাঁর সঙ্গে হাঁটুন এবং তারপর দুপুরের লাঞ্চ ও রাতের ডিনার বাইরে খান। এতে আপনার মায়ের মুখে হাসি ফুটবে নিশ্চিত।
মায়ের জন্য শাড়ি
আমাদের দেশের মায়েদের অন্যতম পছন্দের পোশাক শাড়ি। মা দিবসে তাই মাকে শাড়ি উপহার দিতে পারেন। মা’কে সঙ্গে করে তার পছন্দের শাড়িটি কেনা যেতে পারে। এ ছাড়া মা’কে না জানিয়ে তার পছন্দের শাড়ি কিনে মা দিবসে তাকে চমকে দিতে পারেন।
পছন্দের খাবার
অধিকাংশ পরিবারে সাধারণত মা সবার জন্য নিয়মিত রান্না করেন। মা দিবসে তার পছন্দের খাবারটি তৈরি করে তাকে খাওয়াতে পারেন। হতে পারে সেটি দুপুর বা রাতের খাবার কিংবা বিকেলের নাশতা। মা’কে না জানিয়ে আগের দিন রাতে কোনো কেক বা পুডিং বানিয়ে রেখে পরের দিন চমকে দেওয়া যায়। রান্নাঘরে মায়ের সঙ্গে গল্প করতে করতে সবাই মিলেও বানানো যেতে পারে কোনো খাবার।
প্রিয় বই
মা’কে প্রিয় কোনো বই উপহার দিতে পারেন। অবসরে সন্তানের দেওয়া বই পড়তে পড়তে মায়ের মুখে অজান্তেই খুশির রেখা ফুটে উঠবে। মায়ের প্রিয় লেখকের লেখা বই হতে পারে দারুণ উপহার।
রান্নার স্মার্ট সরঞ্জাম
অধিকাংশ মায়ের দিনের বেশ খানিকটা সময় কাটে রান্নাঘরে। তাই মা দিবসে রান্নায় সহায়ক সরঞ্জাম উপহার দিতে পারেন। এ ক্ষেত্রে ওভেন, ব্লেন্ডারের মতো রান্নাঘরের স্মার্ট জিনিসগুলো মায়ের কাজকে আরও সহজ করে তুলবে। মায়ের প্রয়োজনীয় সরঞ্জামের বিষয়ে আলাপ করেও কিনতে পারেন।
গাছ
মায়েদের প্রিয় কাজের মধ্যে একটি হচ্ছে ঘর সাজানো। আর এক্ষেত্রে অন্যতম সৌন্দর্যবর্ধক ফুলের গাছ। তাই মা দিবসে গাছ উপহার দিতে পারেন মা’কে। শুধু ফুল নয়, ফল কিংবা সবজির চারাও উপহার দিতে পারেন।
প্রসাধনী ও গয়না
নিত্য ব্যবহার্য প্রসাধনী, যেমন–ক্রিম, লোশন কিংবা সুগন্ধি উপহার দিতে পারেন মা’কে। সম্ভব হলে মায়ের জন্য গয়না কিনতে পারেন। এটি হতে পারে মায়ের জন্য সোনার কানের দুল, আংটি বা হিরার নাকফুল। মায়ের জন্য এগুলো হতে পারে দারুণ উপহার।
ফটো অ্যালবাম
মায়েরা সন্তানের ছোটবেলার স্মৃতি রোমন্থন করতে ভালোবাসেন। সন্তানের সঙ্গে মজার কোনো মুহূর্ত বা অর্জনের ছবি ফ্রেমবন্দী করে রাখতে চান। তাই মা দিবসে ফটো অ্যালবাম উপহার দিতে পারেন। অ্যালবামে মায়ের সঙ্গে কাটানো কিছু সেরা মুহূর্তের ছবি যুক্ত করা যেতে পারে।
গ্যাজেট
মা দিবসে প্রয়োজনীয় কিছু গ্যাজেট উপহার দিতে পারেন। এক্ষেত্রে সেরা উপহার হতে পারে স্মার্টফোন। আপনি যত দূরেই থাকুন না কেন, সবসময় মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন। স্মার্টফোন থাকলে মা অনলাইনে কেনাকাটা করা কিংবা বাড়ির বিদ্যুৎ, গ্যাস, পানির বিল পরিশোধ করতে পারবেন সহজেই। এ ছাড়া স্বাস্থ্যের খেয়াল রাখতে স্মার্টওয়াচ দিতে পারেন। স্মার্ট স্পিকার, ফুট ম্যাসাজার ও রোবোটিক ভ্যাকুয়াম ক্লিনারও উপহার দিতে পারেন।
সবশেষে একটি কথা মনে রাখতে হবে যে, সময়ের থেকে বড় উপহার আর কিছু হতে পারে না। পড়াশোনা, চাকরি বা সংসারের কারণে মায়ের সঙ্গে সময় কাটানো সবার পক্ষে সম্ভব হয় না। তাই মা দিবসকে বিশেষ করে তুলতে মা’কে সময় দেওয়াটা গুরুত্বপূর্ণ। মা’কে নিয়ে কোনো রেস্তোরাঁয় খেতে যেতেই পারেন। এ ছাড়া মা’কে সঙ্গে নিয়ে কোথাও ঘুরতে গেলেও ভালো হবে। সম্ভব হলে বাড়ি থেকে কিছুটা দূরে মায়ের পছন্দের কোনো স্থানে বেড়াতে যেতে পারেন।
তথ্যসূত্র: গুড হাউজকিপিং, সিএনএন, দ্য ভার্জ
আরও পড়ুন:



