নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘ভারতের সঙ্গে সম্পাদিতসহ বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে করা সব চুক্তি পর্যালোচনা করা হচ্ছে। যেসব চুক্তিতে দেশের স্বার্থ সুরক্ষিত হয়নি বা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো বাতিলের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।’
শনিবার দুপুরে মোংলা বন্দর পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বিদেশি রাষ্ট্রের সঙ্গে চুক্তি করা হবে তখনই, যখন তা দেশের বাণিজ্য, অর্থনীতি, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করবে। দেশের স্বার্থের পরিপন্থী কোনো চুক্তি করা হবে না। বিদ্যমান চুক্তিগুলোর ক্ষেত্রে যদি দেখা যায় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, তাহলে তা বহাল রাখা হবে কি না—নিয়ম মেনে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘কোনো চুক্তি বাতিলের প্রয়োজন হলে তা অবশ্যই আন্তর্জাতিক নিয়মকানুন মেনে করতে হবে। পর্যালোচনার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং এটি স্বচ্ছতা, জবাবদিহিতা ও জাতীয় স্বার্থের ভিত্তিতেই সম্পন্ন করা হবে।’
মোংলা বন্দর প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বন্দরের উল্লেখযোগ্য সক্ষমতা রয়েছে, যা এখনো পুরোপুরি কাজে লাগানো হয়নি। সরকার এ সক্ষমতাকে সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে বন্দরকে আরও গতিশীল করতে চায়।’
এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান, সদস্য (হারবার ও মেরিন) কমডোর মো. শফিকুল ইসলাম সরকার, সদস্য (অর্থ) ও পরিচালক (প্রশাসন) কাজী আবেদ হোসেন, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) ড. আনিসুর রহমান, পরিচালক (বোর্ড ও জনসংযোগ) কালাচাঁদ সিংহ এবং মোংলা পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী বন্দরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।



