জাতীয় সংসদে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বর আরও কার্যকরভাবে তুলে ধরার উদ্দেশ্যে একটি সংসদীয় ককাস গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ১৭ মে ২০২৬ নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ-এর প্রতিনিধি দল ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক করে এ উদ্যোগের খুঁটিনাটি নিয়ে আলোচনা করে।
বৈঠকে সংসদ সদস্যদের সঙ্গে নাগরিক সমাজ, বিশেষজ্ঞ ও বিভিন্ন অংশগ্রহণকারীর কার্যকর সংযোগ ও সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রস্তাবিত ককাসের মূল লক্ষ্য হলো দারিদ্র্য, বৈষম্য ও প্রান্তিকতার কারণে উন্নয়নের মূলধারা থেকে পিছিয়ে পড়া মানুষের পক্ষে সংসদে জোরাল ভূমিকা রাখা। এছাড়াও নীতিনির্ধারণ প্রক্রিয়াকে আরও অংশগ্রহণমূলক করা এবং সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করাও উদ্দেশ্য।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগকে স্বাগত জানিয়ে তাঁর পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, পিছিয়ে পড়া মানুষের অধিকার রক্ষায় নিবেদিত সংসদ সদস্যদের নাম প্রস্তাব করার বিষয়ে তিনি ইতিবাচক।
বৈঠকে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন নাগরিক প্ল্যাটফর্মের কোর গ্রুপ সদস্য ও সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, নাগরিক প্ল্যাটফর্ম কোর গ্রুপ সদস্য ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, বাংলাদেশ আদিবাসী ফোরাম-এর সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, ওয়াটারএইড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, নাগরিক উদ্যোগ-এর প্রধান নির্বাহী জাকির হোসেন, উইম্যান উইথ ডিজএ্যাবিলিটিজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডব্লিউডিডিএফ)-এর নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টি এবং নাগরিক প্ল্যাটফর্ম-এর নেটওয়ার্ক ফোকাল পয়েন্ট তারান্নুম জিনান।



