বিএনপি সরকার কঠিন সময়ে দেশ পরিচালনার দায়িত্বে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। বুধবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস উইং আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে প্রধানমন্ত্রীর প্রেস উইং এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
এতে মাহদী আমিন বলেন, ‘কঠিন সময়ে দেশ পরিচালনার দায়িত্বে বিএনপি। যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়েছে, সরকার চেষ্টা করেছে সাধ্যের মধ্যে রাখতে।’
সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে বিভিন্ন অর্জনের কথা।
প্রধামন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বার্থ নিয়ে ১১টি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকসহ ৮০টিরও বেশি বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা ইস্যুতে ৫টি পরিকল্পনা বিশ্ব দরবারে তুলে ধরেন।’
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানের জাতিসংঘে নিয়োগের বিষয়েও প্রশ্নের উত্তর দেন মাহদী আমিন। তিনি বলেন, ‘জাইমা রহমানের নিয়োগের সঙ্গে বাংলাদেশ সরকারে কোনো সম্পর্ক নেই। এটা জাতিসংঘের নিজস্ব নিয়োগ। জাইমা রহমান নিজ যোগ্যতায় এ নিয়োগ পেয়েছেন।’
এসময় প্রধানমন্ত্রীর মানবিকতা-সরলতাকে কেউ দুর্বলতা ভেবে অরাজকতার চেষ্টা করলে ভুল করবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। জাতিসংঘ সফর এবং ফেরার দিন একটি মহল দেশে পরিকল্পিত ঘটনা ঘটিয়েছে বলেও দাবি প্রেস উইংয়ের।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, ‘দেশে কেউ অরাজকতার সৃষ্টির চেষ্টা করলে তারা ভুল করবে।’
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আতিকুর রহমান রুমন অভিযোগ করেন, বিরোধী দল পতিত সরকারের মতো আচরণ করছে।


