সৌদি আরবে হুতিদের হামলার কারণে আবারও দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। দাম্মামগামী ফ্লাইট ২৫ অক্টোবর পর্যন্ত এবং রিয়াদগামী সব ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে।
এর আগে, সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে রুট দুটির ফ্লাইট চলাচল বন্ধ রেখেছিল রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।
এদিকে, এখন পর্যন্ত, ঢাকা থেকে সৌদিগামী বিভিন্ন এয়ারলাইন্সের ১৩৫টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২০ হাজারের বেশি যাত্রী। ১৩৫টির মধ্যে ৬২টি সরাসরি এবং ৭৩টি ট্রানজিট ফ্লাইট।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ–বেবিচকের তথ্য অনুযায়ী, বাতিল সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৩টি, ইউএস-বাংলার ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট রয়েছে। এছাড়া ট্রানজিটের মধ্যে ইন্ডিগোর ২৮টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই-দুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৬টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট রয়েছে।


