সৌদি আরবে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ১০৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সেই তালিকায় আছেন বাংলাদেশিসহ ৫৯ জন বিদেশি নাগরিক। ইউরোপীয় সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস–ইএসওএইচআরের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে, মাদকসংক্রান্ত অপরাধের দায়ে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
ইএসওএইচআরের হিসেবে, মৃত্যুদণ্ড কার্যকরের সবচেয়ে বড় অংশই মাদকসংক্রান্ত অপরাধে। চলতি বছরের প্রথমার্ধে মাদকসংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৭১ জনের মধ্যে ৪৯ জনই বিদেশি নাগরিক।
এছাড়া সৌদির বিভিন্ন কারাগারে বহু বিদেশি নাগরিক মৃত্যুদণ্ডের অপেক্ষায় রয়েছেন।
অন্যদিকে হত্যার দায়ে ২৫ জন, রাজনৈতিক ও নিরাপত্তাসংক্রান্ত মামলায় ৯ জন এবং অন্যান্য অপরাধে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
সংস্থাটির দাবি, কার্যকর হওয়া ১০৮টি মৃত্যুদণ্ডের মধ্যে ৮৩টি এমন অপরাধে, যেখানে ইচ্ছাকৃত হত্যার ঘটনা ছিল না।
প্রতিবেদনে বিচারপ্রক্রিয়ায় অনিয়ম, দোভাষী ও আইনি সহায়তার অভাব এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পাওয়ার অভিযোগ তুলেছে সংস্থাটি।


