ডেঙ্গু-হামের ভয়াল থাবায় বিপর্যস্ত স্বাস্থ্যসেবা

ডেঙ্গু ও হামের কষাঘাতে বিপর্যস্ত দেশের স্বাস্থ্যব্যবস্থা। প্রতি বছর বর্ষা শুরু হলেই ডেঙ্গু নামের ভাইরাসজনিত এক আতঙ্কের মুখোমুখি হতে হয় দেশবাসীকে। একসময় ডেঙ্গু বর্ষাকালের রোগ হিসেবে পরিচিত থাকলেও এখন তা শুধু বর্ষা মৌসুমেই সীমাবদ্ধ নেই; শীতকাল পর্যন্ত এর বিস্তৃতি ঘটছে। আবার সাম্প্রতিক সময়ে এর সঙ্গে যুক্ত হয়েছে হামের মতো ছোঁয়াচে একটি রোগ, যাতে নবজাতক থেকে চার-পাঁচ বছর বয়সী শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে।

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পিএম

ডেঙ্গু ও হামের কষাঘাতে বিপর্যস্ত দেশের স্বাস্থ্যব্যবস্থা। প্রতি বছর বর্ষা শুরু হলেই ডেঙ্গু নামের ভাইরাসজনিত এক আতঙ্কের মুখোমুখি হতে হয় দেশবাসীকে। একসময় ডেঙ্গু বর্ষাকালের রোগ হিসেবে পরিচিত থাকলেও এখন তা শুধু বর্ষা মৌসুমেই সীমাবদ্ধ নেই; শীতকাল পর্যন্ত এর বিস্তৃতি ঘটছে। আবার সাম্প্রতিক সময়ে এর সঙ্গে যুক্ত হয়েছে হামের মতো ছোঁয়াচে একটি রোগ, যাতে নবজাতক থেকে চার-পাঁচ বছর বয়সী শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোতে এই দুটি রোগ দেশের চিকিৎসাব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। প্রশ্ন উঠছে, আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগেও প্রতি বছর কেন একই ভুলের পুনরাবৃত্তি দেখতে হচ্ছে? কেন স্বাস্থ্য বিভাগ একটি স্থায়ী ও দীর্ঘমেয়াদি সমাধানের দিকে এগোতে পারছে না?

ডেঙ্গু মোকাবিলায় প্রতিবছরই সরকারের পক্ষ থেকে সেই সনাতন পদ্ধতির আশ্রয় নেওয়া হয়। অর্থাৎ, ডেঙ্গুর প্রকোপ যখন চরমে পৌঁছায়, তখনই কেবল মশা মারার উদ্যোগ নেওয়া হয়, যার বেশির ভাগই লোকদেখানো ফগিংয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে। মশার লার্ভা ধ্বংসে বিজ্ঞানসম্মত ও বছরব্যাপী সমন্বিত কোনো কার্যকর প্রচেষ্টা দেখা যায় না। আবার কয়েক বছর ধরে সিটি করপোরেশনে নির্বাচিত কাউন্সিলর না থাকায় মশকনিধন কার্যক্রমও একপ্রকার থমকে আছে।

অন্যদিকে, একসময় শতভাগ টিকাদানের কারণে হামের প্রাদুর্ভাব প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছিল। কিছু দুর্গম অঞ্চল কিংবা অসচেতন জনগোষ্ঠীর মধ্যে টিকা নেওয়ার অনীহার কারণে বিচ্ছিন্নভাবে হামের রোগী পাওয়া গেলেও সামগ্রিক ফলাফল ছিল সন্তোষজনক। কিন্তু বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে হামের টিকা না দেওয়ার কারণে বর্তমানে হামের রোগী আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে, যা মহামারির রূপ নিয়েছে। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ভুল নীতির কারণে লাখ লাখ শিশু আজ হামে আক্রান্ত।

টিকাদানের ঘাটতির কারণে ২০২৬ সালের মার্চ মাস থেকে বাংলাদেশ হামের সংক্রমণে এক ঐতিহাসিক রেকর্ড করেছে। স্বাস্থ্য অধিদপ্তর এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৬ সালে বাংলাদেশ হামের সর্ববৃহৎ সংক্রমণের প্রাদুর্ভাব হিসেবে বিশ্বব্যাপী চিহ্নিত হয়েছে। আক্রান্তদের ৮১ শতাংশই পাঁচ বছরের কম বয়সী শিশু।

অন্যদিকে, ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও বিগত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড অর্জন করেছে। ২০২৬ সালের ৩০ অক্টোবর পর্যন্ত প্রায় ১ লাখ ৩৩ হাজার ৫০০ জন ডেঙ্গুতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এবং সোয়া চারশ জন মারা গেছেন।

ডেঙ্গু ও হাম মোকাবিলায় প্রয়োজন একটি দীর্ঘমেয়াদি ও টেকসই রূপরেখা প্রণয়ন। প্রতি বছর এই প্রাদুর্ভাব রোধ করতে হলে সাময়িক ব্যবস্থা থেকে বেরিয়ে দীর্ঘমেয়াদি ও বিজ্ঞানভিত্তিক পরিকল্পনায় যেতে হবে। ডেঙ্গু এখন আর শুধু বর্ষাকেন্দ্রিক রোগ নয়। তাই বছরব্যাপী মশকনিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা প্রয়োজন। বর্ষা মৌসুমের অন্তত তিন মাস আগে থেকে ডেঙ্গুর পূর্বাভাস ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে প্রস্তুতি নেওয়া জরুরি। 

এখনও শহরাঞ্চলের বাইরে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা নেই বললেই চলে। অথচ এখন শহর-গ্রাম সর্বত্র ডেঙ্গু ভাইরাস ছড়িয়ে পড়েছে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ডেঙ্গুর চিকিৎসা সম্পর্কে পর্যাপ্ত সচেতনতার অভাব রয়েছে, পাশাপাশি দক্ষ স্বাস্থ্যকর্মীরও সংকট আছে। উপজেলা হাসপাতাল ও ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোকে শক্তিশালী করা এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উন্নত ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া জরুরি হয়ে পড়েছে।

অন্যদিকে, হাম একটি সম্পূর্ণ প্রতিরোধযোগ্য রোগ হলেও বিগত দুই বছর টিকা না দেওয়ার কারণে এর প্রাদুর্ভাব বেড়ে গেছে। পরিস্থিতির উন্নতি করতে হলে সব শিশুকে টিকাদানের আওতায় নিয়ে আসতে হবে। এ জন্য ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম চালু করা প্রয়োজন। প্রতিটি শিশুর জন্মনিবন্ধনের সঙ্গে টিকাদানের তথ্য যুক্ত করে একটি কেন্দ্রীয় ডেটাবেজ তৈরি করতে হবে, যাতে একটি শিশুও হামের টিকা বা এমআর ভ্যাকসিন থেকে বাদ না পড়ে।

দুর্গম ও ভাসমান জনগোষ্ঠীর ওপরও বিশেষ নজরদারি রাখতে হবে। চরাঞ্চল, পার্বত্য এলাকা এবং শহরের বস্তিবাসী ও ভাসমান শিশুদের জন্য বিশেষ ‘আউটরিচ’ টিকাদান কর্মসূচি গ্রহণ করতে হবে। সব শিশুকে টিকাদান কর্মসূচির আওতায় আনা গেলে তাদের হামের কবল থেকে রক্ষা করা সম্ভব হবে।

দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবার অন্যতম দুর্বলতা হলো সমন্বয়হীনতা। স্থানীয় সরকার বিভাগ, সিটি করপোরেশন ও পৌরসভা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে কার্যকর প্রাতিষ্ঠানিক সমন্বয়ের অভাব রয়েছে। পাশাপাশি, তৃণমূল বা উপজেলা পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও রোগ নির্ণয়ব্যবস্থা শক্তিশালী না থাকায় প্রান্তিক রোগীরা সরাসরি শহরের বড় হাসপাতালগুলোতে ভিড় করছেন। এর ফলে চিকিৎসাব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয় এবং অধিকাংশ রোগীই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হন।

একটি পেশাদার, স্বায়ত্তশাসিত ও আমলাতান্ত্রিক জটিলতামুক্ত স্বাস্থ্য কাঠামোই কেবল জরুরি মুহূর্তে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নিতে পারে। করোনার মহামারির সময় তার প্রমাণ মিলেছে। সঠিক পরিকল্পনা ও দক্ষ স্বাস্থ্যসেবার কারণে বাংলাদেশ ভয়াল করোনা মহামারি থেকে রক্ষা পেয়েছে।

তাই স্বাস্থ্যনীতি প্রণয়ন এবং জরুরি স্বাস্থ্য পরিস্থিতি মোকাবিলায় আমলাতান্ত্রিক বা রাজনৈতিক বিবেচনার চেয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকদের বৈজ্ঞানিক মতামতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। 

ডেঙ্গু ও হামের মতো জনস্বাস্থ্য সংকট থেকে মুক্তি পেতে হলে রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। স্বাস্থ্য খাতকে রাজনীতির ঊর্ধ্বে রেখে একটি স্বাধীন, দক্ষ ও জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তুলতে হবে। একই সঙ্গে চিকিৎসকদেরও তাঁদের কাজের উপযুক্ত পরিবেশ তৈরি করে দিতে হবে। তাহলেই কেবল একটি সুস্থ, কার্যকর ও নিরাপদ স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

লেখক: সহযোগী অধ্যাপক, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়

শিশুদের হাম কেন হয়, এর লক্ষণগুলো কী এবং কখন এটি মারাত্মক হতে পারে? হাম প্রতিরোধে টিকা ও আক্রান্ত শিশুর পরিচর্যা নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ।
মানুষটির জীবন-ভ্রমণ শুরু হয়েছিল ১৯৪৭ সালের পয়লা ফেব্রুয়ারি। আজ ১৫ জানুয়ারি তাঁর চিরসমাপন হলো। আটাত্তর বছরের এই দীর্ঘ জীবনে তিনি আলো ছড়িয়ে নিজেকে উজ্জ্বল নক্ষত্রের পর্যায়ে নিয়ে গেছেন। মানুষটির নাম...
ট্রেনের জানলায় দু হাত বাইরে রেখে যেভাবে পুড়ে গেল দেহটি, যে আবছায়া হলো রচিত, তা যেন এই গোটা সময়েরই টীকা-ভাষ্য। আর একটু, এই তো গোপীবাগ, তারপরই কমলাপুর। তারপর সামর্থ্যমতো যান খুঁজে নিজ ডেরায়। তারপর...
এবার দেখা গেছে দেশে হার্টের রিংয়ের মূল্য নির্ধারণকে কেন্দ্র করে। হুলুস্থুল চলছে বিষয়টি নিয়ে। মূল্য নির্ধারণের পর আমদানিকারকেরা পুরোপুরি নাখোশ। এতটাই যে তারা সাধারণ রোগীদের এই ধর্মঘটকালে একাত্ম হতে...
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৬০ জন। 
চিঠি কেবল কয়েকটি শব্দের সমষ্টি নয়; এর ভাঁজে জমে থাকে অপেক্ষা, ভালোবাসা আর অসংখ্য স্মৃতি। কাগজের পাতায় লেগে থাকা মায়াময় ঘ্রাণ, বিবর্ণ কালির অক্ষর কিংবা ডাকপিয়নের সাইকেলের মিষ্টি ঘণ্টা—সব মিলিয়ে চিঠি...
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংগঠিত নানান ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এতে ১৫৩ জনের নাম উল্লেখ করে এবং ৩০০ জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে। 
ওমানে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বড় স্বপ্ন ছিল বাংলাদেশের। তবে সেমিফাইনালে এসেই থামতে হয়েছে বাংলাদেশের যুবাদের। ফাইনালে উঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। আগে ব্যাট করতে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর