পরাজিত ফ্যাসিস্টদের অবিশিষ্ট অংশ রয়ে গেছে। তাদের রুখে দিতে জুলাই অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখতে হবে বলে মন্তব্য করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। শহীদদের স্মরণ শুধু নির্দিষ্ট দিন বা মাসে সীমাবদ্ধ না রাখার আহ্বান জানান নেতা–কর্মীরা।
মঙ্গলবার রাত ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামে, মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ছাত্রদল।
এসময়, জুলাই আন্দোলনে ছাত্রদলের ভূমিকার কথা তুলে ধরেন নেতা–কর্মীরা। বলেন, জুলাইয়ের আদর্শ ধারণ করেই এগিয়ে যাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
শোককে শক্তিতে রূপান্তর করে শহীদদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কথা বলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ছাত্রদলের দীর্ঘদিনের ধারাবাহিক সংগ্রামের বহিঃপ্রকাশই জুলাইয়ের গণঅভ্যুত্থান। ভবিষ্যতেও অন্যায়ের বিরুদ্ধে এমন অবস্থান ধরে রাখতে হবে।



