বিএনপি নেতৃত্বাধীন সরকারপ্রদানকে বঙ্গোপসাগরের দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, তারেক রহমান খুনি হাসিনার লিগ্যাসি ধরার চেষ্টা করছেন, কিন্তু যে জিনিস খুঁজছেন, তা আর নেই। আর যারা তাঁকে সেই পুরোনো পথে হাঁটার জন্য চাপ দিচ্ছেন, তাঁদেরও বলি, লাভ নেই। কারণ রিসেট বাটনে চাপ দেওয়া হয়েছে। বাংলাদেশ নতুন করে শুরু করতে চায়, কারও অধীনস্থ হয়ে নয়, মর্যাদাপূর্ণ ও সমতার ভিত্তিতে সম্পর্ক রেখে। এটা স্বাধীন বাংলাদেশ।
তিনি লিখেছেন, তারেক রহমান ও জিয়াউর রহমান, দুজনেই ভিন্ন সময়ে একই বাস্তবতার মুখোমুখি হয়েছেন। জিয়াউর রহমানও চেষ্টা করেছিলেন, কিন্তু সেই পথে কাঙ্ক্ষিত সমাধান আসেনি। তারেক রহমান, আপনিও চেষ্টা করুন, তবে ভুল পথে নয়, সঠিক পথে।
এনসিপির এই নেতা লিখেছেন, উপায় আছে, একটাই কার্যকর পথ: সংস্কার বাস্তবায়ন করুন।বঙ্গোপসাগরে নজর দিন, এইখানে খেলারাম খেলা করে যাচ্ছে!
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে তিনি লিখেছেন, লন্ডন থেকে আপনাকে ফিরিয়ে আনার অন্যতম বড় প্রত্যাশাই ছিল, এই রাষ্ট্রকে পুরোনো রাজনীতির বৃত্ত থেকে বের করে নতুন পথে নেওয়া। জিয়াউর রহমান গার্মেন্টস শিল্প ও বিদেশে জনশক্তি পাঠানোর মাধ্যমে অর্থনীতিকে নতুন ভিত্তি দিয়েছিলেন। আপনি কী দিয়ে আপনার সময়ের বাংলাদেশকে দাঁড় করাবেন? এখনো দেরি হয়নি। আশা করি, জ্ঞানীদের ইশারাই যথেষ্ট।



