জোর করে বেশিদিন ক্ষমতায় থাকা যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পাটির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ শুক্রবার বেল ১১টার দিকে গাইবান্ধা জেলা পরিষদ মিলনায়তনে রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এনসিপির আঞ্চলিক সমন্বয় সভায় সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্টের পর গণঅভ্যুত্থানের আশা- আকাঙ্ক্ষা ও জুলাই সনদ বাস্তবায়ন না করে বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্যই মরিয়া হয়ে ওঠে। তারা গায়ের জোরে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে।
তিনি বলেন, পূর্বে যারা ক্ষমতায় ছিল, তারা অনেক আইন পাস করছেন। সেগুলো টেকে নাই। এভাবে জোর করে বেশিদিন ক্ষমতায় থাকা যায় না। বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে। ১৬ বছরের নির্যাতন কীভাবে এতো সহজে ভুলে যায় তারা।
এনসিপির আহ্বায়ক বলেন, জামায়াতের সাথে এজেন্ডা ভিত্তিক জোট করলেও আদর্শিক কোনো জোট করেনি এনসিপি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সারা দেশে একক প্রার্থী দেবে এনসিপি।
এ সময় উপস্থিত ছিলেন– এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন সদস্য সচিব সারজিস আলম, যুগ্ন আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম দর্পনসহ স্থানীয় নেতৃবৃন্দ।


