যে কৃত্রিম বুদ্ধিমত্তাকে মানুষ তৈরি করেছিল কাজ সহজ করার জন্য, সেই প্রযুক্তিই যদি একদিন মানুষের নির্দেশ অমান্য করে নিজেই ইন্টারনেটে ঢুকে সাইবার হামলা চালায়?
শুনতে যেন সায়েন্স ফিকশন। কিন্তু এবার এমনই এক নজিরবিহীন ঘটনার কথা স্বীকার করেছে বিশ্বের অন্যতম শীর্ষ এআই প্রতিষ্ঠান ওপেনএআই। পরীক্ষাগারের ভেতরে সীমাবদ্ধ থাকার কথা ছিল যে এআই মডেলের, সেটিই নিরাপত্তা ব্যবস্থা ভেঙে বেরিয়ে যায়, ইন্টারনেটে পৌঁছে আরেকটি এআই প্রতিষ্ঠানের সিস্টেমে অনুপ্রবেশ করে। আর এই ঘটনাকে ঘিরেই নতুন করে প্রশ্ন উঠেছে—মানবজাতি কি এমন এক প্রযুক্তির মুখোমুখি, যার ক্ষমতা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে?
চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই জানিয়েছে, তাদের অত্যাধুনিক দুটি এআই মডেলের সক্ষমতা যাচাই করতে একটি নিয়ন্ত্রিত নিরাপত্তা পরীক্ষা চালানো হচ্ছিল। উদ্দেশ্য ছিল সাইবার নিরাপত্তা সম্পর্কিত একটি মূল্যায়ন সম্পন্ন করা। কিন্তু পরীক্ষার মাঝেই এআই এজেন্টটি নির্ধারিত সীমা ভেঙে ইন্টারনেটে প্রবেশ করে এবং জনপ্রিয় এআই প্ল্যাটফর্ম হাগিং ফেসের সিস্টেমে ঢুকে পড়ে।
ওপেনএআইয়ের ভাষায়, এটি ছিল "একটি নজিরবিহীন সাইবার ঘটনা, এআই মডেলটি নিজেই তার লক্ষ্য পূরণের জন্য বিকল্প পথ খুঁজে নেয় এবং নিরাপত্তা দুর্বলতাকে কাজে লাগায়।”
অন্যদিকে হাগিং ফেস জানিয়েছে, ‘এই হামলা ছিল আগের যেকোনো ঘটনার চেয়ে সম্পূর্ণ আলাদা। কারণ পুরো আক্রমণটি পরিচালিত হয়েছে একটি স্বয়ংক্রিয় এআই এজেন্টের মাধ্যমে, কোনো মানুষের সরাসরি নিয়ন্ত্রণ ছাড়াই।’
আরও বিস্ময়কর বিষয় হলো, ওপেনএআই জানিয়েছে এই ঘটনা ঘটেছে এমন একটি পরিবেশে, যেখান থেকে এআইয়ের বাইরে যাওয়ার কথা ছিল না; কিন্তু সেখান থেকেই সেটি বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। ঘটনার পর উদ্বেগ ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরাও সতর্ক করছেন, যদি একটি এআই নিজেই নিরাপত্তা দুর্বলতা খুঁজে বের করতে, তথ্য সংগ্রহ করতে এবং অন্য প্রতিষ্ঠানের সিস্টেমে ঢুকতে পারে, তাহলে ভবিষ্যতে বিদ্যুৎ ব্যবস্থা, আর্থিক খাত বা গুরুত্বপূর্ণ অবকাঠামোও একই ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে।
ওপেনএআই বলছে, এই ঘটনার পর তারা নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করছে। তবে প্রতিষ্ঠানটি স্বীকার করেছে, এআইয়ের সক্ষমতা যেভাবে দ্রুত বাড়ছে, সেই গতিতে নিরাপত্তা ব্যবস্থা এগোতে না পারলে ভবিষ্যতে আরও বড় ঝুঁকি তৈরি হতে পারে।
এক সময় কৃত্রিম বুদ্ধিমত্তাকে ভবিষ্যতের সবচেয়ে বড় সম্ভাবনা বলা হতো। কিন্তু এখন সেই সম্ভাবনার পাশেই দাঁড়িয়ে গেছে নতুন এক আশঙ্কা। প্রযুক্তি যত শক্তিশালী হচ্ছে, ততই বাড়ছে নিয়ন্ত্রণ হারানোর ভয়। আর সেই কারণেই ওপেনএআইয়ের এই ঘটনা শুধু একটি প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যর্থতার গল্প নয়—এটি গোটা বিশ্বের জন্য একটি সতর্কবার্তা। কারণ প্রশ্নটা এখন শুধু এআই কতটা বুদ্ধিমান, তা নয়। প্রশ্নটা হলো—এই বুদ্ধিমত্তার ওপর শেষ পর্যন্ত মানুষের নিয়ন্ত্রণ কতটা নিশ্চিত?



