বিতর্ককে সঙ্গী করে ওয়ানডে বিশ্বকাপে যাত্রা করেছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টুর্নামেন্ট থেকে খালি হাতে দেশে ফেরারও প্রায় এক মাস হতে চলেছে। অথচ এতদিনেও বিতর্ক থামার কোনো নামগন্ধ নেই।
ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে দল ঘোষণা নিয়ে যে বিতর্ক শুরু হয়েছিল, সেটি এখন ডালপালা ছড়িয়ে গড়িয়েছে ভিন্ন দিকে। এবার বিতর্কের কেন্দ্রে বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। শ্রীলঙ্কান কোচের বিরুদ্ধে অভিযোগ, বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাসুম হোসেনকে চড় মেরেছিলেন তিনি!
বিশ্বকাপ ব্যর্থতা ও বিশ্বকাপের সময়ে দলের ভেতরের এসব কর্মকান্ড তদন্ত করতে বিসিবি একটি কমিটি গঠন করার পর নাসুম-হাথুরুসিংহের এই ঘটনা আবার আলোচনায় আসে। আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নামবে বাংলাদেশ, তার আগে আজ মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনের শেষে ফেরার পথে হাথুরুসিংহের কাছে এ নিয়ে প্রশ্ন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আগামীকাল শুরু হতে যাওয়া টেস্টের দল, মিরপুরের পিচ নিয়ে কথা বলেছিলেন হাথুরুসিংহে। যেখানে একাদশ নিয়ে রহস্য রেখে হাথুরুসিংহে বলেছেন, 'এত তথ্য দিতে পারব না। আমাদের কথা নিশ্চয়ই নিউজিল্যান্ড দলও শুনবে।' মিরপুরের পিচ নিয়েও আগে থেকেই কিছু বলা যায় না বোঝাতে বললেন, এখানে এত খেলা হয় যে, কয়েকটা সেশন যাওয়ার আগ পর্যন্ত পিচ সম্পর্কে বোঝা যায় না।
এরপর সংবাদ সম্মেলন শেষ করে যখন ফিরে যাচ্ছিলেন হাথুরুসিংহে, যাওয়ার পথে দুই সাংবাদিকের সঙ্গে কথা হয় তাঁর। ওঠে নাসুমের প্রসঙ্গ। বাংলাদেশি সংবাদমাধ্যম কালের কণ্ঠ লিখেছে, প্রসঙ্গটা উঠতেই রেগে যান বাংলাদেশ কোচ। নাসুমকে আসলেই চড় মেরেছেন কি না, এমন প্রশ্নে হাথুরুকে উদ্ধৃত করে কালের কণ্ঠ লিখেছে, ‘যারা আমাকে একটু হলেও চেনে, তারা জানে আমি কখনোই এরকম কিছু করার মানুষ নই।’



