বাংলাদেশে আইপিএলের সম্প্রচারের নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে বলে আজ সকালে খবর চাউর হয়। তবে এমন সংবাদ প্রকাশের কিছু সময় পরই জানা গেল আইপিএল সম্প্রচার নিষেধাজ্ঞা এখনো বহাল।
এক বিবৃতিতে আজ এই তথ্য নিশ্চিত করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
বিবৃতিতে মন্ত্রণালয় জানায় এখনো আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা ইস্যুতে আগের সরকারের সিদ্ধান্তই বহাল আছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিবৃতি বলছে, দি ডেইলি স্টারে "Govt lifts bar on IPL telecast in Bangladesh" শিরোনামে এবং অন্যান্য গণমাধ্যমে বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রসঙ্গে প্রকাশিত/প্রচারিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংবাদটি আমাদের গোচরে এসেছে। আইপিএল প্রচার বন্ধের বিগত সরকারের সিদ্ধান্ত এখনো বহাল আছে।
আইপিএল সম্প্রচার নিয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের পরামর্শ চাওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের মতামত ও পরামর্শ চেয়ে পত্র প্রদান করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এই সংবাদ এর ভিত্তিতে সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করার জন্য এই প্রতিবাদটি জরুরি ভিত্তিতে প্রচার করার জন্য বিনীত অনুরোধ করছি।
এর আগে বাংলাদেশ সরকারের নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, বাংলাদেশে আইপিএল সম্প্রচারে কোনো বাধা নেই। সংবাদমাধ্যম ডয়চে ভেলের সঙ্গে আলাপকালে বিষয়টি জানান তিনি।
জহির উদ্দিন বলেছেন, ‘আমাদের কাছে আইপিএল সম্প্রচারের জন্য কেউ আবেদন করেনি। আমরা খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশাতে চাই না। বিষয়টাকে আমরা বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে দেখব, এবং কোনো চ্যানেল আইপিএল সম্প্রচারের জন্য আবেদন করলে, আমরা ইতিবাচকভাবে বিবেচনা করব।’
বাংলাদেশে স্টার স্পোর্টস আইপিএল সম্প্রচার করতে পারবে কি না, এমন প্রশ্নের জবাবে জহির উদ্দিন বলেছেন, ‘আমরা কাউকে এটি (আইপিএল) সম্প্রচার থেকে বিরত রাখব না। স্টার স্পোর্টস যদি সম্প্রচার করতে চায়, তারা করতে পারবে। আমাদের কোনো চ্যানেল যদি সম্প্রচার করতে চায়, সেটিও আমরা ইতিবাচকভাবে নেব। তবে আমরা কিছুই জোর করে চাপিয়ে দেব না।’
উল্লেখ্য, আজ থেকে মাঠে গড়াচ্ছে আইপিএল। প্রথম দিনে মাঠে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ।



