২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন অস্ট্রেলিয়ায়। আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দুদল। ম্যাচের একদিন আগেই প্রথম টেস্টের একাদশ জানিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়েই প্রায় এক বছরের বেশি সময় পর একসাঙ্গে মাঠে নামতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার ‘বিগ থ্রি’ পেসার- প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ক। এর বাইরে অস্ট্রেলিয়ার একাদশে আছেন দুই পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও বো ওয়েবস্টার।
অন্যদিকে হ্যামস্ট্রিং চোটে অ্যাশেজের শেষ দিকে খেলতে না পারা স্পিনার নাথান লায়নও একাদশে ফিরেছেন। আর হ্যাজলউড একাদশে ফেরায় বাদ পড়তে হয়েছে পেসার বোল্যান্ডকে। অ্যাশেজের সর্বশেষ সিরিজের ৫টি টেস্টেই খেলেছিলেন বোল্যান্ড।
এবার দল থেকে বাদ পড়লেও আগামী এক বছরে অস্ট্রেলিয়া ২১টি টেস্ট খেলতে পারে। দলের পেস আক্রমণে যেকোনো সময় বোল্যান্ডের প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন কামিন্স। হ্যাজলউড ও কামিন্সের মধ্যে যেকোনো একজনকে বেছে নেওয়া প্রসঙ্গে কামিন্স বলেছেন, ‘দুজনই দারুণ মানের বোলার। আমরা নিশ্চিত ছিলাম যে লায়নকে দলে রাখতে চাই। এরপর সিদ্ধান্ত নিতে হয়েছে পেস আক্রমণের সমন্বয় কেমন হবে।’
তিনি আরও বলেন, ‘এটা সবসময়ই কঠিন সিদ্ধান্ত। স্কটিকে (বোল্যান্ড) বলার মতো তেমন কিছু নেই, শুধু এটুকু বলা যায় সামনে অনেক ম্যাচ আছে। সে নিজের সামর্থ্য ও গুরুত্ব সম্পর্কে জানে। আশা করি খুব দ্রুতই সে আবার মাঠে ফিরবে।’
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়া একাদশ:
জেক ওয়েদারাল্ড, ট্রাভিস হেড, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বো ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন ও জশ হ্যাজলউড।



