শেষ ব্যাটসম্যান হিসেবে এবাদত হোসেন যখন আউট হলেন, ততক্ষণে বাংলাদেশের সংগ্রহ পৌঁছেছে ৪২৬ রানে, আর প্রথম ইনিংসে লিড ২২৮ রানের! প্রথম ইনিংস শেষেই জয়ের স্বপ্ন রঙিন হতে থাকে বাংলাদেশের। অন্যদিকে অস্ট্রেলিয়ার সামনে ইনিংস ব্যবধানে হার ঠেকানোর চ্যালেঞ্জ! আর এমন অবস্থা থেকে জিততে হলে তো নতুন ইতিহাসই লিখতে অজিদের!
সেই ইতিহাস লেখা তো দূরের কথা, আপাতত উইকেটে থিতুই হতে পারছেন না অজি ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ধুঁকছেন বাংলাদেশি পেসারদের সামনে। টেস্টের তৃতীয় দিনের চা বিরতির আগ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ১৭ ওভার ব্যাটিং করেছে অস্ট্রেলিয়া, তাতেই ২ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।
দুটি উইকেটই শিকার করেছেন হাসান মাহমুদ। ওপেনার জেইক ওয়েদারাল্ডের পর ফিরিয়েছেন ট্রাভিস হেডকে। তাতে তৃতীয় দিনের চা বিরতি পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেটে ৫১ রান। এখনো ১১৭ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া। এক প্রান্তে ৮ রানে ব্যাটিং করছেন স্টিভেন স্মিথ। আরেক প্রান্তে মার্নাস লাবুশানে অপরাজিত ২১ রানে।
আজ ইনিংসের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারেই উইকেটের দেখা পেয়েছেন হাসান। আগের ইনিংসে ৬ উইকেট নেওয়ার পেসারের খাটো লেংথের ডেলিভারি ওয়েদারাল্ডের ব্যাটের কানায় লেগে স্টাম্পে আঘাত করে। রানের খাতা খোলার আগেই বিদায় ঘটে ওয়েদারাল্ডের।
৪ রানে প্রথম উইকেট হারানোর ধাক্কা সামলানোর চেষ্টা চালায় অস্ট্রেলিয়া। লাবুশানেকে নিয়ে জুটি গড়ার চেষ্টা চালান হেড। তবে হেডকেও (১৭) হাত খুলতে দেননি হাসান। বাংলাদেশি পেসারের বলে ওয়েদারাল্ডের মতো প্রায় একইভাবে বিদায় নিতে হয় অস্ট্রেলিয়ান ওপেনারকে।
৩৭ রানে ২ উইকেট হারানো অস্ট্রেলিয়া চা বিরতির আগে আর কোনো উইকেট হারায়নি।


২২৮ রানের লিড বাংলাদেশের, জিততে হলে নতুন ইতিহাস লিখতে হবে অস্ট্রেলিয়াকে
