চলতি মৌ্সুমে টানা ব্যর্থতায় মোহামেডানের কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে আলফাজ আহমেদকে। সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
গত মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ইতিহাসে প্রথমবার মোহামেডান চ্যাম্পিয়ন হয়েছে, সেটা আলফাজের অধীনেই।
ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, সম্প্রতি দলের পারফরম্যান্স খুবই হতাশাজনক, যা ক্লাব কর্মকর্তা ও সমর্থকদের মর্মাহত করেছে। মোহামেডানের ধারাবাহিক সাফল্য ও উন্নতির লক্ষ্যে হেড কোচ আলফাজ আহমেদকে অব্যাহতি দেয়া হয়েছে।
দশ দলের লিগে এবার ১২ ম্যাচ শেষে ২ জয়ের বিপরীতে ৫ হার দেখেছে মোহামেডান, বাকি ৫ ম্যাচ ড্র। ১১ পয়েন্ট নিয়ে দলকে তালিকার সাত নম্বরে দেখে সরে যেতে হলো আলফাজকে।
আলফাজকে অব্যাহতি দিয়ে সহকারী কোচ আব্দুল কায়ূম সেন্টুকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেয়া হয়েছে। আর টিম লিডার হিসেবে থাকবেন ক্লাবের স্থায়ী সদস্য আমিরুল ইসলাম বাবু।



