হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। আলজেরিয়াকে ৩–০ গোলে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্বকাপ মিশন শুরু করল। ম্যাচের ১৭ মিনিটে একটি, ৬০ মিনিটে দ্বিতীয়টি, এর পরের গোলটি মেসি করেছেন ৭৫ মিনিটের মাথায়।
শুরু থেকেই দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচের মাত্র ১৭ মিনিটে মেসির দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। নিজের ২০০তম ম্যাচ খেলতে নেমে সেই চিরচেনা বাঁ পায়ের জাদু দেখান মেসি।
গ্রুপ ‘জে’-এর প্রথম ম্যাচে কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে বিশ্বকাপ অভিযান শুরু করে আর্জেন্টিনা। দুই দলেরই প্রথম গোল বাতিল হয়ে যায়।
খেলার মাত্র পাঁচ মিনিটে জালে বল পাঠান মেসি। তবে মুহূর্তেই সহকারী রেফারির পতাকা ওঠালে স্বপ্ন ভেঙে যায়। খুব অল্প ব্যবধানে মেসির অফসাইডে গোলটি বাতিল হয়ে যায়।
মেসির গোল বাতিল হওয়ার পর একই অভিজ্ঞতার সাক্ষী হয় আলজেরিয়াও। অফসাইডের কারণে বাতিল হয় তাদের গোলও। এরপর মাত্র ম্যাচের মাত্র ১৭ মিনিটে আসে জাদুকরী মুহূর্ত।

মিডফিল্ড থেকে রদ্রিগো দি পল বল বাড়িয়ে দেন মেসির কাছে। কিছুটা এগিয়ে গিয়ে ২৫ গজ দূর থেকেই মেসি শট নেন, আলজেরিয়ার গোলরক্ষক ও জিনেদিন জিদানপুত্র লুকা জিদান তাতে হাত ছুঁয়ে দেন। কিন্তু ততক্ষণে তাকে ফাঁকি দিয়ে জালে জড়ায় বল। এগিয়ে যায় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
বিরতির পর আবারও শুরু হয় টানটান উত্তেজনা। ৬০ মিনিটের মাথায় দলকে ২–০ গোলে এগিয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক। অ্যালেক্সিস ম্যাক আলিস্টারের বক্সের বাইরে থেকে নেওয়া শট নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন আলজেরিয়ার গোলরক্ষক। ফিরতি শটে বল জালে জড়ান মেসি।
৭৫মিনিটের মাথায় হ্যাট্রটি করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে উঠে আসেন মেসি। বিশ্বকাপে মেসির গোল এখন ক্লোসার সমান ১৬টি। হ্যাটট্রিকের পরপর ৮০ মিনিটে মাঠ ছাড়েন মেসি। আলজেরিয়াকে ৩–০ গোলে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে আর্জেন্টিনা।



