লিওনেল মেসির ম্যাজিকাল হ্যাটট্রিকে আলজেরিয়াকে হারিয়ে বিশ্বকাপে শুরুটা দুর্দান্ত হয়েছে আর্জেন্টিনার। সেই ধারাবাহিকতা বজায় রাখতে আগামীকাল সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় অস্ট্রিয়ার মুখোমুখি বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
প্রতিপক্ষ হিসেবে আলজেরিয়ার চেয়ে অস্ট্রিয়া অনেকটাই শক্তিশালী। একদিকে ফিফা র্যাঙ্কিংয়ে ২৪ নম্বরে অস্ট্রিয়া, সেই সঙ্গে সর্বশেষ চার ম্যাচেই জিতেছে ইউরোপের দলটি। সেখানেই শেষ নয়, সব ধরনের প্রতিযোগিতায় সর্বশেষ খেলা ১২ ম্যাচের ১০টিতেই জিতেছে অস্ট্রিয়া, হেরেছে মোটে একটিতে।
অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচটা যে আর্জেন্টিনার জন্য সহজ হবে না, সেটা তো সহজেই অনুমেয়। কিন্তু এই ম্যাচের আগেই কি না পার্টিতে মজেছেন এমিলিয়ানো মার্তিনেস, লাওতারো মার্তিনেস কিংবা হুলিয়ান আলভারেসরা। যেন তেন পার্টি নয়- এমি ও লাওতারো তো রীতিমতো শেফ বনে গেছেন!
দুদিন আগেই আর্জেন্টিনার অনেক সংবাদমাধ্যম একটা খবর দিয়েছিল। মেসিদের শারীরিক ও মানসিকভাবে ঠিকঠাক রাখতে আর্জেন্টিনার বেসক্যাম্পে ৫০০ কেজি আর্জেন্টাইন গরুর মাংস পাঠানো হয়েছে আর্জেন্টিনা থেকে। কারণটাও সহজ। যাতে ফুটবলাররা নিজেদের পরিচিত খাদ্যাভাসে থাকেন।
এবারই প্রথম নয়। এর আগে কাতার বিশ্বকাপের সময়ও আর্জেন্টিনা ও উরুগুয়ে মিলে ৯০০ কেজি গরুর মাংস উড়িয়ে নিয়েছিল ল্যাটিন আমেরিকা থেকে। ওই বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্য তো কারও অজানা নয়। সেটার ধারাবাহিকতা বজায় রেখে এবারও বিভিন্নভাবে প্রক্রিয়াজাত ও কাটা মাংসের চালান পৌঁছে গেছে আর্জেন্টিনার বেস ক্যাম্পে।
আর্জেন্টাইন ফুটবলারদের কাছে ঐতিহ্যবাহী ‘আসাদো’ নামের খাবারটা খুবই জনপ্রিয়। কয়লার আগুনে ধীরে ধীরে সেঁকা বা বারবিকিউ করা গরুর মাংসের এই পদ শুধু একটা খাবার নয়, যেন আর্জেন্টিনার সংস্কৃতিরই অবিচ্ছেদ্য অংশ। এই আসাদোর সঙ্গে থাকবে ভুট্টা ও অন্যান্য স্থানীয় শষ্যের রুটি! ব্যস, আর কি লাগে আর্জেন্টাইনদের।
আর্জেন্টিনা থেকে পাঠানো গরুর মাংস পেয়েই যেন পার্টিতে মত্ত হয়ে উঠল আর্জেন্টিনা। আসাদো তৈরিতে নেমে পড়লেন এমিলিয়ানো মার্তিনেস নিজেই। যিনি দক্ষ হাতে প্রতিপক্ষের গোল ঠেকান, তিনি এবার শেফ বনে গিয়ে তৈরি করলেন আসাদো। নিজ হাতেই খাইয়ে দিলেন আলভারেসদের।
তবে আর্জেন্টিনা যে শুধু এসব পার্টি ও খাবার নিয়েই ব্যস্ত, ব্যাপারটা তেমন নয়। অনুশীলনেও কোনো কমতি রাখছেন না স্কালোনির শিষ্যরা। তবে আর্জেন্টিনার অনুশীলন অন্য আট-দশটা দলের মতো নয়, সেখানেও চলে খেলোয়াড়দের মধ্যে খুনশুটি। এই হাসিমুখ তো অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচেও ধরে রাখতে চায় আর্জেন্টিনা।
অস্ট্রিয়ার সঙ্গে এখন পর্যন্ত মোটে ৩বার খেলেছে আর্জেন্টিনা। এর মধ্যে দুদল সর্বশেষ মুখোমুখি হয়েছিল ৩৬ বছর আগে। ১৯৯০ সালের সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। প্রথমবার মুখোমুখি হয়েছিল ১৯৬৬ সালে। সেবার আর্জেন্টিনা হেরেছিল ১-০ গোলে। আর মাঝে ১৯৮০ সালে আরেকবারের দেখায় আর্জেন্টিনা জিতেছিল ৫-১ ব্যবধানে। সেই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন কিংবদন্তি ম্যারাডোনা। এবার কি তবে মেসির পালা?



