উড়ন্ত শুরুর পর ধাবাহিকতা রাখার চ্যালেঞ্জ আর্জেন্টিনার। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রিয়া। ডালাসে ম্যাচ শুরু আজ বাংলাদেশ সময় রাত ১১টায়। এ ম্যাচেও মেসিকে ঘিরে পরিকল্পনা স্কালোনির। চোটের কারণে খেলা হচ্ছে না ডিফেন্ডার মন্তিয়েলের। অন্যদিকে, মেসিকে রুখতে সর্বোচ্চ দিয়ে লড়বে অস্ট্রিয়া।
চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শুরুটা চ্যাম্পিয়নের মতোই। মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে হাওয়ায় ভাসছে স্ক্যালোনি শিষ্যরা। কিন্তু অস্বস্তির জায়গাও আছে। মেসি ছাড়া অন্যদের পারফরম্যান্স নজরে পড়ার মতো ছিল না।
দুশ্চিন্তার আরেক নাম ইনজুরি। পেশির ইনজুরিতে ডিফেন্ডার মন্তিয়েল খেলতে পারছেন না। তবে আর্জেন্টিনার বেঞ্চ বরাবরই শক্তিশালী।
অ্যাটাক নিয়েও নতুন করে ভাবতে হবে স্কালোনিকে। স্ট্রাইকার লাওতারো আলজেরিয়া ম্যাচে খেলেছেন ৫৫ মিনিট। না আছে গোল, না অ্যাসিস্ট। লক্ষ্যে ছিল মাত্র একটি হেডার। প্রতিপক্ষের ডি বক্সে বলে টাচ মাত্র একবার।
আলজেরিয়াকে বড় ব্যবধানে হারালেও, বল পজেশনে পিছিয়ে ছিল আলবিসেলেস্তে। মিডফিল্ডে যা দুর্বলতার ইঙ্গিত। ডি পল, এনজো ভালো করলেও; ম্যাক আলিস্টার, থিয়াগো আলমাদা নিজের সেরাটা দিতে পারেননি।
ওয়ান ম্যান শো দিয়ে ম্যাচ জেতা যায়, বিশ্বকাপ নয়। মেসি নির্ভরতা স্বস্তি দিলেও, আর্জেন্টিনার সবচেয়ে বড় দুর্বলতাও এটি।
অস্ট্রিয়ার র্যাঙ্কিংয় ২১। জর্ডানকে ৩-১ গোলে উড়িয়ে আসর শুরু। ফলে আর্জেন্টিনাকে রুখে দিয়ে রাউন্ড অফ থার্টি টু-তে চোখ তাদেরও। ফিজিক্যাল ফুটবলে পটু তারা। হাই-প্রেসিং আর কাউন্টার অ্যাটাকেও দারুণ।
মেসি বরনে প্রস্তুত ডালাস। আর অস্ট্রিয়া তৈরি তাকে রুখতে।



