আকাশি-সাদা রঙে রাঙানো তিনতলা বাড়ি। দেয়ালে বিশাল লিওনেল মেসির ম্যুরাল। উঠোনে পাহারা দিচ্ছেন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার পূর্ণাঙ্গ ভাস্কর্য। এমনকি বাড়ির দেয়ালেও ফুটে উঠেছে আর্জেন্টিনার পতাকার সূর্যের প্রতীক। প্রথম দেখায় যে কারও মনে হতে পারে, এটি যেন আর্জেন্টিনার কোনো শহরের দৃশ্য। কিন্তু না, এই বাড়িটি ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রের বুকোভকা গ্রামের।
এই বাড়ির মালিক ৫১ বছর বয়সী মিলোস্লাভ ‘কার্বি’ উরবানেক, পেশায় একজন মিউজিক প্রোমোটার। তবে এই পরিচয়ের আগে তিনি নিজেকে বলেন, আর্জেন্টিনার আজীবন সমর্থক। বাড়ির পেছনে রয়েছে একটি ফুটবল মাঠ। মাঠের চারপাশে সাজানো আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব বোকা জুনিয়র্সের তারকাদের ছবি, যে ক্লাবের হয়ে খেলেছেন দিয়েগো ম্যারাডোনা।
শুধু বাড়িই নয়, উরবানেকের ব্যক্তিগত ভ্যানটিও আর্জেন্টিনার রঙে সাজানো। সেখানে রয়েছে বিশ্বকাপ হাতে ম্যারাডোনার ছবি, লিওনেল মেসির প্রতিকৃতি এবং তাতে লেখা: ‘ইন মেসি উই ট্রাস্ট’। অর্থ হচ্ছে, মেসির ওপর আমাদের আস্থা আছে। এমনকি গাড়ির নাম্বার প্লেটেও ইংরেজিতে লেখা- ‘ম্যারাডোনা’।
উরবানেকের এই ভালোবাসার শুরু শৈশবে। মাত্র চার বছর বয়সে বাবার সঙ্গে ১৯৭৮ সালের বিশ্বকাপ দেখেছিলেন উরবানেক। সেই আসরে মারিও কেম্পেসসহ আর্জেন্টাইন ফুটবলারদের লম্বা চুল, খেলার স্টাইল আর বিশ্বকাপ জয়- সবকিছুই মুগ্ধ করেছিল তাকে। সেই থেকেই শুরু আর্জেন্টিনা, বোকা জুনিয়র্স এবং ফুটবলের প্রতি তার গভীর ভালোবাসা।
এই ভালোবাসার আরেকটি প্রমাণও আছে। নিজের দ্বিতীয় ছেলের নাম রেখেছেন 'লিওনেল'। কারণ সাত বছর আগেই তিনি বিশ্বাস করেছিলেন যে, মেসি একজন অসাধারণ ফুটবলার, যিনি ইতিহাস গড়বেন। এবারের বিশ্বকাপ নিয়েও আত্মবিশ্বাসী এই আর্জেন্টিনা-ভক্ত।
উরবানেকের বিশ্বাস, বর্তমান আর্জেন্টিনা দল দুর্দান্ত ছন্দে রয়েছে এবং আবারও বিশ্বকাপ জিতবে লা সেলেস্তে। আর সেই জয় উদযাপন হবে শুধু তার গ্রামের বাড়িতে নয়, বিশ্বের সব প্রান্তে, যেখানে আর্জেন্টিনার সমর্থকেরা রয়েছেন।
এদিকে, বিশ্বকাপের রাউন্ড অব ৩২-তে আগামী ৩ জুলাই (বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায়) কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। কোটি ভক্তের মতো মিলোস্লাভ উরবানেকও অপেক্ষায় আছেন, আরও একটি আকাশি-সাদা উৎসবের।



