ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে চিরবিদায় জানাতে সপ্তাহব্যাপী আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আজ শুক্রবার। বিভিন্ন দেশের শীর্ষ নেতা, ধর্মীয় ব্যক্তিত্ব ও বিদ্বানরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এ উপলক্ষ্যে ইরান ও ইরাকের বিভিন্ন শহরে ধর্মীয় অনুষ্ঠান, শোকসভা ও শোকমিছিলের আয়োজন করা হয়েছে।
আগামী ৯ জুলাই আয়াতুল্লাহ আলি খামেনিকে দাফন করা হবে। রয়টার্স।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন গত ২৮ ফেব্রুয়ারি। কথা গত মার্চেই তাঁর দাফন সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়।
অবশেষে শুক্রবার শুরু হয়েছে আলি খামেনির বিদায়ের আনুষ্ঠানিকতা। সাত দিনের কর্মসূচির শুরুতে, শেষ শ্রদ্ধার জন্য তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রার্থনা চত্বরে রাখা হয়েছে তাঁর কফিন। জানাজা ও স্মরণসভায় যোগ দিতে তেহরানে জড়ো হয়েছেন ভক্ত ও অনুসারীরা। বাংলাদেশের পক্ষ থেকে শ্রদ্ধা জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও বিরোধী দলের প্রতিনিধিরা।
৪ ও ৫ জুলাই তেহরানে সর্বসাধারণের অংশগ্রহণে জানাজা অনুষ্ঠিত হবে। সাধারণ মানুষের বিদায় জানানোর সুবিধার্থে খামেনি এবং তাঁর পরিবারের বেশ কয়েকজন সদস্যের কফিন তেহরানের প্রধান ধর্মীয় ও রাষ্ট্রীয় সমাবেশস্থল গ্র্যান্ড মোসাল্লায় রাখা হবে।
৬ ও ৭ জুলাই খামেনির মরদেহ নিয়ে একটি শোকমিছিল তেহরানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। পরে রাজধানী থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণে কোম শহরের নেওয়া হবে তার মরদেহ। কোম ইরানের শিয়া ইসলামি শিক্ষার প্রধান কেন্দ্র এবং দেশটির অন্যতম পবিত্র শহর। জীবনের প্রথম ভাগে সেখানেই পড়াশুনা করেছিলেন আলি খামেনি।
৮ জুলাই খামেনির মরদেহ নেওয়া হবে ইরাকে। দেশটির নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর মরদেহ গ্রহণ করা হবে। এরপর নাজাফ ও কারবালার জনসাধারণের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে শোকযাত্রা। নাজাফে অবস্থিত ইমাম আলীর মাজার শিয়া মুসলিমদের অন্যতম পবিত্র স্থান। অন্যদিকে ৬৮০ খ্রিস্টাব্দে কারবালার যুদ্ধে মুহাম্মদ (সা.)–এর দৌহিত্র ইমাম হুসাইন (রা.) নিহত হন।
সবশেষে ৯ জুলাই খামেনির মরদেহ আবার ফিরিয়ে আনা হবে ইরানে। সেদিন মাশহাদ শহরে ইমাম রেজার মাজারে তাঁকে দাফন করা হবে। মাশহাদ ইরানের সবচেয়ে পবিত্র শহর হিসেবে বিবেচিত। ১৯৩৯ সালে মাশহাদ শহরেই জন্ম হয়েছিল আয়াতুল্লাহ আলি খামেনির।



