গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। ৩৯ বছর বয়সী এ কিংবদন্তির অবসরের পর তাঁকে সম্মান জানাতে এবার বিশেষ উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
চলতি সপ্তাহান্তে আর্জেন্টিনার সব ঘরোয়া ম্যাচের প্রথমার্ধের ১০ মিনিটে পর খেলা এক মিনিটের জন্য বন্ধ থাকবে। এ সময় মেসির সম্মানে দেওয়া হবে করতালি। মেসিকে শ্রদ্ধা জানাতে তাঁর পরা বিখ্যাত ১০ নম্বর জার্সির সঙ্গে মিল রেখে ১০ম মিনিট পূর্ণ হওয়ার পর খেলা থামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে এএফএ।
আর্জেন্টিনার ফুটবল নিয়ন্ত্রক সংস্থার বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘ছেলে ও মেয়েদের সব বিভাগের আসন্ন ম্যাচগুলোতে প্রথমার্ধের ১০ মিনিটে খেলা এক মিনিটের জন্য বন্ধ থাকবে। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল মেসির অসাধারণ ক্যারিয়ারকে সম্মান জানাতেই এই আয়োজন।’
এএফএ আরও জানিয়েছে, যেসব স্টেডিয়ামে ভিডিও বোর্ড রয়েছে, সেসব স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে মেসির সম্মানে একটি বিশেষ ভিডিও দেখাতে হবে। মেসির অবসরের ঘোষণার পর এএফএ নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে যে ভিডিও প্রকাশ করেছিল, সেটিই সেখানে দেখানো হবে।
আর্জেন্টিনার জার্সিতে মেসির ক্যারিয়ার শুরু হয় ২০০৫ সালে। সেই থেকে দীর্ঘ ২১ বছর আকাশি-সাদা জার্সিতে দেখা গেছে মেসিকে। এ সময় দুই শ-র বেশি ম্যাচ খেলেছেন, গোল করেছেন ১২৫টি। জাতীয় দলের হয়ে বিশ্বকাপসহ জিতেছেন কোপা আমেরিকা ও ফিনালিসিমা।
গত সোমবার ইনস্টাগ্রামে দেওয়া অবসর ঘোষণার পোস্টে মেসি লিখেছেন, ‘আমি নিজের সর্বোচ্চটা উজাড় করে দিয়েছি। আমার আর কিছুই দেওয়ার বাকি নেই।’



