জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। হামলার নিন্দা জানিয়ে, ন্যায়বিচার ও নিহতদের পরিবারের জন্য পূর্ণ সমর্থন জানিয়েছেন জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভবিষ্যতে এমন নৃশংস ঘটনা এড়াতে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
আজ বুধবার এক্সে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।
রাহুল গান্ধী ওই পোস্টে লিখেছেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমার আব্দুল্লাহ এবং জম্মু-কাশ্মীরে কংগ্রেসের সভাপতি তারিক কারার সঙ্গে পাহেলগাম নৃশংস জঙ্গি হামলার সর্বশেষ অবস্থার বিষয়ে কথা হয়েছে। হামলা আহতদের ন্যায়বিচার ও নিহতদের পরিবারের জন্য পূর্ণ সমর্থন ব্যক্ত করেন তিনি।
মোদির সঙ্গে ফোনালাপে পাশে থাকার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিন্দা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন, ইতালির প্রধানমন্ত্রী মেলোনিসহ বিশ্বনেতারা। এদিকে, এ হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সংযোগ নেই বলে দাবি করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ।
জঙ্গি হামলার ঘটনার পরদিন বুধবার জম্মু-কাশ্মীরের শ্রীনগরে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুলিশ কন্ট্রোল রুমে রাখা নিহতদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। নিহতদের পরিবারের সাথেও কথা বলেন। এসময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।
এর আগে সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে বুধবার সকালে দিল্লি ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে জরুরি বৈঠকে বসেন।
হামলার ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে নিন্দা ও সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনায় অপরাধীদের বিচারের আওতায় আনতে ভারতের প্রতি পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন তিনি। এক্স বার্তায় ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে দিল্লি-ওয়াশিংটন একসঙ্গে লড়ছে বলে জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
পর্যটকদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিসহ বিশ্বনেতারা। এসময় ভারতের প্রতি সংহতি প্রকাশ করেন তারা।
এদিকে, হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এ হামলার সাথে পাকিস্তানের কোনো সংযোগ নেই বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। হামলাকারীরা ভারতের মাটিতেই তৈরি বলে মন্তব্য করেন তিনি।



