তিন প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বিরুদ্ধে নিজ প্রশাসন সম্পর্কে বৈরী ও ভুয়া খবর পরিবেশনের অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সংবাদমাধ্যমগুলো হলো–সিএনএন, এমএসনাউ এবং পলিটিকো। একইসাথে হোয়াইট হাউজে এসব সংবাদমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ করেছেন ট্রাম্প।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প অবিলম্বে এই নিষেধাজ্ঞা কার্যকর করার কথা বলেছেন। একইসাথে ভবিষ্যতে আরো কয়েকটি সংবাদমাধ্যমের ওপর একই ধরনের কড়াকড়ি আরোপের ইঙ্গিত দেন তিনি।
তবে এই নিষেধাজ্ঞা ঠিক কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে বিস্তারিত বলেননি মার্কিন প্রেসিডেন্ট।
দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে সংবাদ পরিবেশন নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছেন ট্রাম্প। এমনকি বিভিন্ন সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলা করা এবং সাংবাদিকদের আক্রমণ করে কথা বলার ইতিহাস রয়েছে তার।



