শিক্ষাব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে বড় পদক্ষেপ নিয়েছে নেপালের নতুন সরকার। শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় ছাত্রসংগঠন বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
নেপালের নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির নেতা বালেন্দ্র (বালেন) শাহ ১০০ দফার একটি বিশাল সংস্কার কর্মসূচি হাতে নিয়েছেন। এ বিষয়ে তাঁর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই দেশটির শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। গতকাল শনিবার সরকারের এই নির্দেশনা প্রকাশ করা হয়।
নেপালের শিক্ষাব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক দল অনুমোদিত সব ধরনের ছাত্র সংগঠন নিষিদ্ধ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ক্যাম্পাসগুলো থেকে এসব সংগঠনের অস্তিত্ব সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এর পরিবর্তে আগামী ৯০ দিনের মধ্যে অরাজনৈতিক ‘স্টুডেন্ট কাউন্সিল’ বা ‘ভয়েস অব স্টুডেন্টস’ গঠন করা হবে, যা শিক্ষার্থীদের বিভিন্ন দাবি তুলে ধরবে।
এছাড়া প্রশাসনকে অরাজনৈতিক করতেও পদক্ষেপ নেওয়া হচ্ছে। সরকারি কর্মচারী ও শিক্ষকদের কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকা নিষিদ্ধ এবং দলীয় ট্রেড ইউনিয়ন বিলুপ্ত করা হচ্ছে।
শিক্ষার্থীদের ওপর থেকে পরীক্ষার চাপ কমাতে এবং পড়াশোনাকে আনন্দদায়ক করতে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব ধরনের প্রথাগত অভ্যন্তরীণ পরীক্ষা বাতিল করা হয়েছে। এর পরিবর্তে বিকল্প এবং মনস্তাত্ত্বিক মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি যাচাই করা হবে। এছাড়া দীর্ঘদিনের সেশন জট কমাতে বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সংগতি রেখে পরীক্ষার ফলাফল প্রকাশের বাধ্যবাধকতা দেওয়া হয়েছে নতুন সরকারের নির্দেশনায়।



