আফগানিস্তান সীমান্ত অঞ্চলে বিমান হামলায় অন্তত ২৮ সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে পাকিস্তান। এদিকে এ হামলায় অন্তত ৩ বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা জানিয়েছে আফগান সরকার।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, সোমবার আফগানিস্তানের পাকতিকা ও কুনার প্রদেশে হামলা চালানো হয়। এতে জঙ্গিরা নিহত হয়।
এদিকে, তালেবান সরকার জানিয়েছে, কুনার প্রদেশে একটি বাড়িতে হামলায় একই পরিবারের ৩ সদস্য নিহত ও ৪ জন আহত হয়। তবে পাকতিকায় ২টি স্থানে হামলা চালানো হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ ঘটনায় উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তালেবান সরকারের প্রধান জাবিহুল্লাহ মুজাহিদ। এই ঘটনার মধ্য দিয়ে প্রতিবেশি দুই দেশের মধ্যকার প্রায় ৩ মাসের শান্ত পরিস্থিতির অবসান ঘটলো।



