ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে চলতি সপ্তাহে তিন দফা হামলা চালাল মার্কিন সেন্ট্রাল কমান্ড।
হরমোজগান প্রদেশের বন্দর নগরী জাস্কে ১০টিরও বেশি বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা আইআরএসএ। এছাড়াও বন্দর আব্বাস, চাবাহারসহ বেশ কয়েকটি শহরেও বিস্ফোরণের তথ্য মিলেছে।
রয়টার্স জানিয়েছে, এই হামলা এমন এক সময়ে হলো, যখন হরমুজ প্রণালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ইরানের বিপ্লবী বাহিনী।
এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অনুমোদিত পথ দিয়ে যাওয়ার চেষ্টাকারী একটি জাহাজের দিকে তারা সতর্কতামূলক গুলি চালিয়েছে।
এরআগে, আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গিকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। বাবার জানাজা ও দাফনের পর প্রথম বার্তায় এ কথা জানান তিনি।
প্রতিশোধই ইরানি জাতির প্রধান লক্ষ্য বলেও জানান মোজতবা। এসময়, আলী খামেনির রক্তকে নিষ্পাপ অভিহিত করেন তিনি।
এরআগে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা বন্ধ করতে এবং গুরুত্বপূর্ণ এ নৌপথ সবার জন্য উন্মুক্ত করে দিতে ইরানকে সময় বেঁধে দেয় যুক্তরাষ্ট্র।



