দীর্ঘ যুদ্ধের পরও ইরানের ভাণ্ডারে এখনো আড়াই হাজার ক্ষেপণাস্ত্র মজুত আছে। মার্কিন গোয়েন্দাদের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল। মার্কিন কর্মকর্তারা বলছেন, ইরানের কাছে বিপুল ক্ষেপণাস্ত্র থাকায় তেহরানে নতুন কোরে হামলার বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ৮ মাস ধরে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। এই সময়ে, মার্কিন প্রেসিডেন্ট কয়েকবার দাবি করেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা হয়েছে।
তবে মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল বলছে ভিন্ন কথা। মার্কিন গোয়েন্দাদের বরাতে তাদের নতুন প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ যুদ্ধের পরও ইরানের ভাণ্ডারে এখনো আড়াই হাজার ক্ষেপণাস্ত্র মজুত আছে।
ইরানের অস্ত্রভাণ্ডারের ওপর নজরদারি চালানো কঠিন হলেও মার্কিন কর্মকর্তাদের ধারণা, তেহরানে কাছে কেবল ব্যালিস্টিক মিসাইল আছে দেড় হাজারের বেশি। এ অবস্থায়, ইরানে নতুন কোরে হামলার বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আর ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার কারণে ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন বাধাগ্রস্ত হয়েছে। তবে পরবর্তী যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে তেহরান।
গত সপ্তাহে নতুন একটি মিসাইল সিটি উন্মোচন করে ইরান। সেসময়, মার্কিন কর্মকর্তারা সংবাদমাধ্যম ব্লুমবার্গকে জানান, তেহরান প্রতি মাসে ৫০টি করে নতুন মিসাইল তৈরি করছে।
আইআরজিসি কমান্ডার আলি বালালি বলেন, ‘আমাদের সাথে লড়াইয়ে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ব্যর্থ হবে এবং তাদের কার্যক্রম গুটিয়ে নিতে বাধ্য হবে। তেহরান যে ৭টি শর্ত প্রস্তাব করেছে, তাদের তা মেনে নিতে হবে, যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং এই অঞ্চল থেকে সরে যেতে হবে। কেবল এভাবেই এই অঞ্চলের জনগণ ও জাতিগুলোর জন্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।’
এদিকে, রয়টার্স প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প তার উপদেষ্টাদের বলেছেন- ইরান যদি কোনো উসকানি না দেয় তাহলে তিনি নতুন করে আর হামলা চালাবেন না। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নতুন হামলার জন্য ওয়াশিংটনকে চাপ দিচ্ছে।


