বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে জয় তুলে নিয়েছে ইউরোপের তিন বড় দল স্পেন, ফ্রান্স ও নেদারল্যান্ডস। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাইকেল ওলিসের হ্যাটট্রিকে নর্দান আয়ারল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়েছে বর্তমান রানার্সআপ ফ্রান্স। একই ব্যবধানে পেরুকে হারিয়েছে আসরের অন্যতম ফেভারিট স্পেনও। আর উজবেকিস্তানের বিপক্ষে নেদারল্যান্ডস জিতেছে ২-১ গোলে।
ঘরের মাঠে ফরাসি ম্যানেজার দিদিয়ের দেশমের এটি ছিল বিদায়ী ম্যাচ। বিশ্বকাপের পর আর ফ্রান্স জাতীয় দলের সঙ্গে থাকছেন না বিশ্বকাপজয়ী এই কোচ। তাঁর বিদায়কে যেন আরও রঙ্গিন করে তুলেছেন বায়ার্ন মিউনিখ তারকা মাইকেল ওলিসে।
ম্যাচজুড়ে প্রতিপক্ষ নর্দান আয়ারল্যান্ড বেশ ভুগিয়েছে, তবে এর মাঝে মূল ব্যবধান গড়ে দেন বায়ার্ন মিউনিখ তারকা মাইকেল ওলিসে। তাঁর নিখুঁত ফিনিশিংয়ে এগিয়ে থেকেই বিরতিতে যায় লে ব্লুসরা।
দ্বিতীয়ার্ধে, আবারও ওলিসে ম্যাজিক। তাঁর দৃষ্টিনন্দন শটে ব্যবধান বাড়িয়ে নেয় ফ্রান্স। তবে নর্দান আয়ারল্যান্ডও ছেড়ে কথা বলেনি, ক্যারিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচে গোল করে সবাইকে চমকে দিয়েছেন প্যাট্রিক কেলি।
১০ মিনিট পর আবারও ব্যবধান বাড়িয়ে ৩-১ করে ফ্রান্স। লং-রেঞ্জের দারুণ এক শটে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকের পাশাপাশি জয়ের স্বাদ নিয়েই মাঠ ছাড়েন মাইকেল ওলিসে।
ম্যাচ শেষে কোচ দিদিয়ের দেশম বলেন, ‘মাইকেল দুর্দান্ত ফর্মে আছে, আর এর পেছনে অবদান রয়েছে বায়ার্নে কাটানো তার দারুণ মৌসুমটির। আমাদের সাথেও সে বেশ কিছু চমৎকার জিনিস দেখিয়েছে এবং সে এখন আত্মবিশ্বাসে ভরপুর।’
দীর্ঘ ১৪ বছর দায়িত্ব পালনের পর ঘরের মাঠে এটিই ছিল ফ্রান্সের ম্যানেজার হিসেবে দেশমের শেষ ম্যাচ। এখন তাঁর পুরো মনোযোগ থাকবে কোচ হিসেবে নিজের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি জয়ের দিকে।
এদিকে, কোডি গ্যাকপোর জোড়া গোলে উজবেকিস্তানের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে নেদারল্যান্ডস। এশিয়ান জায়ান্টদেরকে তারা হারিয়েছে ২-১ গোলে। শেষ মূহূর্তের নাটকীয় জয় দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি শেষ করেছে কোম্যানের দল।
১৪ জুন জাপানের বিপক্ষে গ্রুপ এফ'এর ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ডাচরা। আর প্রথমবারের মত বিশ্বকাপে জায়গা পাওয়া উজবেকিস্তানে প্রথম ম্যাচ আগামী ১৮ জুন মেক্সিকোতে।



